বায়ু দূষণ ঠেকাতে পরিবেশ পুলিশ নামাল বেইজিং
বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে পরিবেশ পুলিশের দল নামানো হয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে। শহরটির ভারপ্রাপ্ত মেয়র জানিয়েছেন, এই পুলিশ দলের কাজ হবে শহরের বিভিন্ন স্থান থেকে বায়ু দূষণের উৎস খুঁজে বের করা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
বায়ু দূষণ প্রতিরোধে চলতি বছর ৩০ শতাংশ পর্যন্ত কয়লার ব্যবহার কমানোর ঘোষণা দিয়েছেন মেয়র। শীতের কারণে কয়লার ব্যবহার বেশি হওয়ায় বেইজিংয়ের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। বায়ু দূষণ বেশি হয়—এমন তিন লাখ যানবাহন তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া দূষণ প্রতিরোধে বেশ কিছু কারখানাও বন্ধ করে দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরেই বেইজিংয়ে বায়ু দূষণ সংবাদের শিরোনাম হচ্ছে। বায়ু দূষণের কারণে শ্বাস নেওয়ার কষ্ট হওয়ায় নগরবাসীদের প্রয়োজন না হলে বাসাতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরের কাজ কমিয়ে দিতে ও ঘোরাফেরা করতে নিষেধ করা হচ্ছে। এর আগে সম্প্রতি দূষণের কারণে স্কুল ও শিশুকেন্দ্রগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, যেই নির্দেশ এখনো বহাল আছে। জনগণ চীন সরকারকে বিষাক্ত ধোঁয়াশার প্রধান উৎসগুলো খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।