বায়ুদূষণে কমছে মানুষের মেধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের প্রতি ১০ জনের মধ্য ৯ জন মানুষ উচ্চস্তরের দূষিত বায়ু গ্রহণ করছে। এই ছবিটি ওপর আর নিচের চিত্রে বায়ুদূষণের ব্যাপারটি তুলে ধরা হয়েছে। ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের প্রতি ১০ জনের মধ্য ৯ জন মানুষ উচ্চস্তরের দূষিত বায়ু গ্রহণ করছে। এই ছবিটি ওপর আর নিচের চিত্রে বায়ুদূষণের ব্যাপারটি তুলে ধরা হয়েছে। ছবি: সংগৃহীত

বায়ুদূষণের কারণে মানুষের অনেক ক্ষতির কথা আগেই শোনা গেছে। এবার নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, বায়ুদূষণের কারণে মেধা কমে যায়। মেধায় নেতিবাচক প্রভাব পড়ায় এই দূষণের কারণে স্বাস্থ্যের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক জীবনও ক্ষতিগ্রস্ত হয়।

চীনের চায়না ফ্যামিলি প্যানেল স্টাডিজের জরিপের তথ্য নিয়ে গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) গবেষকেরা। যুক্তরাষ্ট্রের অলাভজনক বেসরকারি সংগঠন ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ মঙ্গলবার গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। গবেষণাটি চীনের প্রেক্ষাপটে করা হলেও বিজ্ঞানীরা বলছেন, তা প্রায় সব দেশের জন্যই প্রযোজ্য। কারণ বিশ্বের মোট জনগোষ্ঠীর ৯৫ শতাংশই দূষিত বায়ু গ্রহণ করছে।

গবেষকেরা ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে চীনের ৩২ হাজার মানুষের বুদ্ধিমত্তার পরীক্ষার ফলাফল এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে বায়ুদূষণের প্রভাব পর্যালোচনা করেছেন। দুই ধাপে বুদ্ধিমত্তার পরীক্ষাটি নেওয়া হয়েছিল। একটি মৌখিক, অপরটি গাণিতিক। বিজ্ঞানীরা দেখেছেন, বায়ুদূষণের নেতিবাচক প্রভাব যার ওপর যত বেশি পড়েছে, তার পরীক্ষার ফল তত খারাপ। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও কম শিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার ফল খারাপ।

গবেষণা নিবন্ধের লেখক চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক সিয়াওবো ঝ্যাং বলেন, বায়ুদূষণের কারণে বয়োজ্যেষ্ঠদের মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব বেশি পড়ে। ফলে শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। কারণ প্রাপ্তবয়স্করাই সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন।

গবেষক দলের সদস্য ও যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব পাবলিক হেলথের গবেষক সি চেন বলেন, বায়ুদূষণের কারণে সবারই মেধা উল্লেখযোগ্য পরিমাণে কমে আসতে পারে। তবে ৬৪ বছরের বেশি বয়সী মানুষের জন্য ক্ষতির পরিমাণ বেশি।

বায়ুদূষণের কারণে ৩২ লাখ মানুষ নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হয়। বায়ুদূষণ সম্পর্কিত আগের সব গবেষণায় স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে উদ্বেগের কথা বলা হয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে বায়ুদূষণ উদ্বেগের মধ্য আছে। এ দেশগুলোর অনেক শহরের বায়ুদূষণের কারণে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের প্রতি ১০ জনের মধ্য ৯ জন উচ্চস্তরের দূষিত বায়ু গ্রহণ করছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে আফ্রিকা ও এশিয়া। তথ্যসূত্র: সিএনএন