হংকংয়ের মংকক এলাকার একটি প্রধান সড়ক থেকে বিক্ষোভকারীদের গতকাল বুধবার সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় নেতাসহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা দুই মাস ধরে সড়কটি অবরুদ্ধ করে রেখেছিল। খবর এএফপি ও বিবিসির।
বিক্ষোভকারীদের অবরোধ ও তাঁবুগুলো সরিয়ে দেওয়ার পর মংককের ছয় লেনের ন্যাথান রোড গতকাল আবার চালু করা হয়। ছাত্র আন্দোলনের নেতা জশুয়া ওং এবং লেস্টার শামকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার করার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এক দিন আগে মংককের আরেকটি বিক্ষোভকেন্দ্র থেকে ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গতকালের অভিযানের সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছোড়ে। আগের দিন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২০ জন পুলিশ আহত হয়।
২০১৭ সালে অনুষ্ঠেয় হংকংয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা নির্বাচন পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতিতে করার দাবিতে সেখানে গত মাস থেকে বিক্ষোভ চলছে। চীনের সরকার বলছে, ওই নির্বাচনের প্রার্থীদের আগে বেইজিং-সমর্থিত একটি কমিটির অনুমোদন নিতে হবে। সমালোচকেরা বলছেন, এই নিয়ম বহাল থাকলে চীনপন্থী কেউ নির্বাচিত হতে পারবেন না। হংকং চীনের স্বশাসিত একটি বিশেষ প্রশাসনিক এলাকা।
আন্দোলনের শুরুর দিকে হাজার হাজার বিক্ষোভকারী হংকংয়ের রাস্তায় নামলেও পরে ধীরে ধীরে তাদের সংখ্যা কমে আসতে থাকে। স্থানীয় কর্তৃপক্ষ ও আন্দোলনকারী—দুই পক্ষই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করলেও তাতে অগ্রগতি হয়েছে সামান্য। ছাত্রনেতা ওং অভিযোগ করেছেন, বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য আদালতের নির্দেশকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।