বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত হংকং সরকার
গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় বসতে প্রস্তুত আছে হংকং সরকার। গতকাল বৃহস্পতিবার চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লিউং চুন-ইং এ কথা বলেন। এদিকে বুধবার ভোরে লুং য়ো সড়কের আন্ডারপাসে সমবেত বিক্ষোভকারীদের পুলিশের পিটিয়ে সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল আবারও সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়। খবর এএফপি ও বিবিসির।
আগের দিন হাতকড়া পরা এক বিক্ষোভকারীর ওপর পুলিশের নির্যাতনের ভিডিওচিত্র নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর নিজের অনড় অবস্থান থেকে দৃশ্যত ঘুরে দাঁড়ালেন প্রশাসক লিউং। এক সপ্তাহ আগেই বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করে দিয়েছিল সরকার।
প্রধান নির্বাহী লিউং চুন-ইং তাঁর কার্যালয়ে গতকাল সাংবাদিকদের বলেন, ‘কয়েক দিন ধরে...আমরা শিক্ষার্থীদের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করে আসছিলাম। আশা করি, আগামী সপ্তাহেই তাঁদের সঙ্গে আলোচনা হবে।’
তবে হংকংয়ের সরকার ও আন্দোলনরত গণতন্ত্রপন্থী শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও চলমান সংকটের সুরাহা হবে কি না, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। লিউং হুঁশিয়ার করে দিয়ে বলেন, ২০১৭ সালে হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচনে প্রার্থীদের মনোনীত করার বিষয়ে বেইজিং সিদ্ধান্ত পাল্টাবে না। তিনি বলেন, ‘রাজনীতি হলো সম্ভাবনার শিল্প। আমাদের সম্ভাবনা ও অসম্ভবের মাঝখানের বিভেদ রেখা টানতে হবে।’
পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ও প্রশাসক লিউংয়ের পদত্যাগের দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। স্থিতিশীলতার জন্য এত দিন সুনাম থাকলেও হংকংয়ের ব্যবসা-বাণিজ্যে এ কারণে বড় ধরনের স্থবিরতা নেমে আসে। সেখানে তিনটি গুরুত্বপূর্ণ সড়কে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান কর্মসূচি পালন করায় যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। তবে পুলিশ কয়েকবার অবস্থান কর্মসূচি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করলে সেখানে উপস্থিত লোকের সংখ্যা কখনো কখনো কমে গেছে।
গত বুধবার এক বিক্ষোভকারীকে নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বরখাস্ত না করে ‘প্রত্যাহারের’ ঘটনায় বিক্ষোভকারীরা মোটেও সন্তুষ্ট নন। কথিত পুলিশি নির্যাতনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী লিউং বলেন, ‘এ ঘটনাকে নিয়ে আমাদের রাজনীতি করা ঠিক হবে না।’
এর আগে ২৮ সেপ্টেম্বর বিনা উসকানিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছিল। নতুন করে বিক্ষোভকারীদের পিটিয়ে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে অ্যামনেস্টি হংকংয়ের পরিচালক মাবেল আউ বলেন, ‘কিছু পুলিশ সদস্যের আচরণ দেখে মনে হয়, তাঁরা নিজেদের আইনের ঊর্ধ্বের লোক বলে ভাবেন।’
এদিকে হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশি ‘নির্যাতনের’ সর্বশেষ ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এ ঘটনার দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।