বিক্ষোভ সত্ত্বেও নতুন সংবিধানে অনড় নেপাল
চলমান বিক্ষোভ নেপালে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ বানচাল করতে পারবে না। দেশটির সরকার গতকাল শুক্রবার এ প্রত্যয় ব্যক্ত করেছে। ওই উদ্যোগ দেশের দক্ষিণাঞ্চলের সংখ্যালঘুদের ক্ষুব্ধ করলেও তাতে অনড় রয়েছে সরকার। খবর রয়টার্সের।
২০০৬ সালে নেপালে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। বর্তমানে দেশটি একটি সংবিধান প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এর আওতায় দেশটিকে সাতটি প্রদেশে বিভক্ত করা হবে। তবে দেশটির দক্ষিণাঞ্চলের সংখ্যালঘু থারু ও মদেশীয়রা সম্প্রদায় পৃথক প্রদেশের দাবিতে মাঠে নেমেছে।
এ নিয়ে সংঘাতে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গত সোমবারের এক ঘটনাতেই নিহত হয় সাত পুলিশসহ নয়জন। থারু সম্প্রদায়ের লোকজন একটি থানায় হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। এতে করে সরকার ওই অঞ্চলে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেছে।
প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বিক্ষোভের নেতাদের রাজধানী কাঠমান্ডুতে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে বিক্ষোভকারীরা বলেছেন, কারফিউ প্রত্যাহার এবং আটক ১৫ জন বিক্ষোভকারীকে মুক্তি দিলেই কেবল তাঁরা আলোচনায় বসবেন। আটক বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন থানায় হামলার ঘটনায় করা হত্যা মামলার আসামি।