বিক্ষোভকারী গ্রেপ্তারে সক্রিয় 'মুস্তারিবিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দমনে মুস্তারিবিন চর নিয়োগ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ছবি: এএফপি
ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দমনে মুস্তারিবিন চর নিয়োগ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ছবি: এএফপি

তারা ফিলিস্তিনি আন্দোলনকারীদের মতোই আচরণ করে। একই ভাষা ও ভঙ্গিতে বক্তব্য দেয়। স্লোগান দেয় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। মাঝেমধ্যে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মতো তাদের মুখও কালো কাপড়ে ঢাকা থাকে। বিক্ষোভকারীরা যখন ইসরায়েলি বাহিনীর কাছাকাছি যেতে থাকে, তারাও সঙ্গী হয়। এরপরই পরিস্থিতি পাল্টে যায়। হুট করে লুকিয়ে রাখা অস্ত্র বের করে তারা। আকাশের দিকে গুলি ছোড়ে। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের জাপটে ধরে মাটিতে ফেলে দেয় এবং ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেয়। অন্য বিক্ষোভকারীরা সটকে পড়তে থাকে। তাদের মুখে একটি শব্দ ‘মুস্তারিবিন’।

হিব্রু ভাষার শব্দ মুস্তারিবিন। এই শব্দ দিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এমন সদস্যদের বোঝানো হয়, যারা আরবিভাষী ইহুদি। তারা ফিলিস্তিনিদের সঙ্গে মিশে থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে।

৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ইন্তিফাদার (গণ-অভ্যুত্থান) ডাক দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুরু হয় গাজায় এবং পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বিক্ষোভ। এই বিক্ষোভকারীদের দমনেই মুস্তারিবিন চর নিয়োগ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারাই বিক্ষোভকারীদের বেশে আন্দোলনে অংশ নিয়ে পরে ফিলিস্তিনি যুবকদের আটক করছে। গত সপ্তাহে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিদের এক বিক্ষোভে অনুপ্রবেশ করে এই চরেরা। তারা সেখানে ছিল মাত্র ১০ মিনিটে। এর মধ্যেই তারা তিন ফিলিস্তিনি যুবককে আটক করে ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেয়।

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই ১৯৪২ সালে মুস্তারিবিন দল গঠন করা হয়েছিল। তখন এটি ইহুদিদের আধা সামরিক বাহিনী হাগানাহর গুরুত্বপূর্ণ অংশ ছিল।