বিক্ষোভকারী হত্যার মামলায় মোবারকের পুনর্বিচারের নির্দেশ

মিসরে ২০১১ সালের গণ-আন্দোলনে শত শত বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচার হবে। দেশটির হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেন। ওই ঘটনায় মোবারকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত গতকাল বাতিল করেছেন আদালত। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
৮০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে হত্যার অপরাধে প্রাথমিকভাবে মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড হলেও ২০১৪ সালের নভেম্বরে পুনর্বিচারে সেই রায় প্রত্যাহার করা হয়েছিল। এর বিরুদ্ধে সরকারি অভিযোক্তার আপিল গৃহীত হয়েছে।
উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মোবারকের পুনর্বিচার আগামী ৫ নভেম্বর শুরু হবে। ওই মামলায় এটি হবে তৃতীয় দফা শুনানি।
চলতি বছর পৃথক মামলায় মোবারককে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে তিন বছরের সাজা দেওয়া হয়েছে।