বিক্ষোভের মধ্যেই নববর্ষ উদ্যাপন করলেন লঙ্কানরা
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। ফুঁসে উঠেছেন দেশটির সাধারণ মানুষ। রাজপথে নেমে এসেছেন তাঁরা। বিক্ষোভকারীরা ছয় দিন ধরে প্রেসিডেন্টের কার্যালয়ের উল্টো দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবি করছেন। আজ বৃহস্পতিবার সেখানেই নতুন বছর উদ্যাপন করেছেন তাঁরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে পিঠা ভাগাভাগি করে নববর্ষ উদ্যাপন করেন। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন। অনেকে আতশবাজি পোড়ান ও ‘জনগণের সংগ্রাম জয়ী হোক’ বলে স্লোগান দেন।
চলমান সংকটের জন্য প্রেসিডেন্টকে দায়ী করে বিক্ষোভকারীরা তাঁর কার্যালয়ের প্রবেশপথ ও আশপাশে অবস্থান নিয়েছেন। তাঁরা দেশটির প্রভাবশালী রাজাপক্ষে পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ তুলে ক্ষমতা ছাড়ার দাবি জানাচ্ছেন।
দিলানি নিরঞ্জলা নামের এক নারী স্বামী এবং ১০ ও ৮ বছরের দুই ছেলেকে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘অন্য সময় আমাদের সন্তানেরা দাদা-দাদির কাছে গিয়ে নতুন বছর উদ্যাপন করত। কিন্তু আজ আমরা তাদের এখানে নিয়ে এসেছি। যাতে করে তারা দেশের বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে পারে।’
দিলানি নিরঞ্জলা আরও বলেন, ‘দেশে যে পরিস্থিতি চলছে, তা সম্পর্কে আমরা সন্তানদের মিথ্যা বলতে চাই না। চাই না তারা গ্রামে গিয়ে নতুন বছর উদ্যাপন করুক। ছোটবেলা থেকেই তাদের সত্যকে দেখা এবং সত্যের সঙ্গে বেঁচে থাকা দরকার।’
কয়েক মাস ধরে শ্রীলঙ্কার মানুষ জ্বালানি ও খাদ্যসংকটে পড়েছেন। প্রতিদিনই তাঁদের লোডশেডিংয়ের শিকার হতে হচ্ছে।
শ্রীলঙ্কার প্রধান বিরোধী জোট এসজেবি গতকাল বুধবার জানিয়েছে, আগামী সপ্তাহে পার্লামেন্টের অধিবেশন বসলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। জোটের জাতীয় সমন্বয়ক এরান বিক্রমারত্নে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। সাধারণ মানুষের এখন আর সরকারের প্রতি আস্থা নেই। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।