বিচারবহির্ভূতভাবে ৭২ জনকে হত্যা তালেবানের
গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে ১০০টির বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়ার কথা বলেছে জাতিসংঘ। এসব হত্যাকাণ্ডের দায় বেশির ভাগ দেশটির নতুন শাসকদের।
জাতিসংঘের ডেপুটি রাইটস প্রধান নাদা আল-নাশিফ বলেছেন, গত আগস্টে তালেবানের ক্ষমতা গ্রহণের আগে সাধারণ ক্ষমা ঘোষণার পরও ক্রমাগত এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিবেদনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে নাদা আল-নাশিফ বলেন, ‘গত আগস্ট থেকে নভেম্বরে সাবেক আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ১০০টির বেশি হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছি। এর মধ্যে কমপক্ষে ৭২টি হত্যাকাণ্ডের ঘটনায় তালেবান সদস্যদের দায়ী করা হয়। কয়েকটি ঘটনায় মৃতদেহ জনসম্মুখে প্রদর্শন করা হয়েছে। এতে দেশটির বিশাল জনসংখ্যার মধ্যে ভীতি সৃষ্টি করেছে।’
তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেন, সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে যে ডিক্রি জারি করেছে, তাতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
আগের প্রশাসনের কর্মকর্তাদের ওপর অত্যাচার করা হচ্ছে না। সাধারণ ক্ষমা ঘোষণার আদেশ না মানলে তার বিচার করে শাস্তি দেওয়া হচ্ছে। যেকোনো ঘটনা ব্যাপকভাবে তদন্ত করা হবে এবং অপ্রমাণিত গুজবকে পাত্তা দেওয়া ঠিক নয়।