বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী নীতিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিহার বিধানসভা নির্বাচনে ত্রিদলীয় জোটের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (আরএসএস) একহাত নিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংরক্ষণ নিয়ে আরএসএস-প্রধান মোহন ভাগবতের মন্তব্যের উল্লেখ করে পাটনায় গতকাল বুধবার নীতিশ বলেন, আরএসএস হলো বিজেপির সুপ্রিম কোর্ট। তারা যা বলবে, বিজেপি তা মানতে বাধ্য।
সংরক্ষণ প্রসঙ্গে মোহন ভাগবত সম্প্রতি বলেছেন, সংরক্ষণের আওতায় কাদের আসা উচিত, তা পর্যালোচনা হওয়া প্রয়োজন। কারণ, বহু বছর ধরে সংরক্ষণ নীতি রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে।
গুজরাটে সংরক্ষণের দাবিতে প্যাটেল সম্প্রদায়ের একটা বড় অংশ আন্দোলন শুরু করেছে। তাতে টলমলে হয়ে উঠেছে রাজ্যে বিজেপির সরকার। অবস্থার সামাল দিতে গিয়ে দলীয় মুখপত্রে মোহন ভাগবত এক সাক্ষাৎকারে দেশের সংরক্ষণ নীতির সমালোচনা করেন। ভাগবতের সুপারিশ, একটা অরাজনৈতিক কমিটি গঠন করা হোক। সেই কমিটিই ঠিক করুক সংরক্ষণের সুবিধা কাদের ও কত দিন ধরে পাওয়া দরকার। এর সমালোচনা করে নীতিশ বলেন, আরএসএস চায় সংসদ নয়, নির্বাচিত প্রতিনিধিরা নয়, সংবিধানবহির্ভূত কেউ সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত নিক।
নীতিশ কুমার জোট তালিকা প্রকাশ করতে গিয়ে জানান, আরজেডি নেতা লালু প্রসাদ নিজেই তাঁকে এই তালিকা প্রকাশ করতে বলেছেন। তিনি বলেন, তালিকা প্রকাশে সামান্য দেরি হওয়ার কারণ তাঁরা সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব দিয়েছেন। প্রার্থী তালিকা নিয়ে কোনো জোট সঙ্গীরই কোনো অভিযোগ নেই।