বিতর্কিত অনুচ্ছেদ বাতিল করতে পারবেন সু চি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সু চি
সু চি

মিয়ানমারের সাধারণ নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিপুল বিজয়ের পর দেশটির প্রেসিডেন্ট পদের ন্যায্য দাবিদার হয়ে উঠেছেন দলীয় প্রধান অং সান সু চি। গত নভেম্বরের নির্বাচনের পর সু চি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু সেনাবাহিনীর প্রধান মিন অং লাইংয়ের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেছেন।
সেনাপ্রধানের সঙ্গে সু চির সাক্ষাৎকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। তবে এতে সেনাবাহিনীর মন গলবে কি না বা প্রেসিডেন্ট পদে সু চির প্রার্থী হতে যে সাংবিধানিক বাধা আছে তা দূর হবে কি না, এসব নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
নির্বাচনে জয়লাভের পর সু চির দলের নেতৃস্থানীয়দেরও কেউ কেউ তাঁর প্রেসিডেন্ট হওয়ার সপক্ষে কথা বলেন। সাবেক সামরিক প্রধান জেনারেল থান শোয়েও গত ৫ ডিসেম্বর সু চির সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁকে প্রেসিডেন্ট পদে সমর্থন দিয়েছেন বলে জানা যায়। থান শোয়ে প্রকাশ্যে এ কথাও বলেন, ‘সু চি দেশের ভবিষ্যৎ নেতা হচ্ছেন, এটা সত্যি। আমি তাঁকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাব।’
তবে এ ক্ষেত্রে বড় বাধা এখনো সেই সংবিধানের ৫৯(এফ) অনুচ্ছেদ। যেখানে বলা হয়েছে, মিয়ানমারের নাগরিকের স্বামী বা স্ত্রী বিদেশি হলে বা তাঁর সন্তান অন্য দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। সেনাবাহিনীর তৈরি এই সংবিধান যে সু চির প্রেসিডেন্ট হওয়া ঠেকাতেই তৈরি, তা সহজেই অনুমান করা যায়। আর এটিও এখনো সত্য যে সামরিক নেতৃত্ব এই অনুচ্ছেদ বাতিল করতে খুব আগ্রহী নয়।
সেনাপ্রধানের সঙ্গে সু চির তৃতীয় দফার বৈঠকের আলোচ্য বিষয় জানা যায়নি। তবে এটা স্পষ্ট, সেনাপ্রধান সু চির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চান।
আগামী এপ্রিল মাসে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সু চিকে দলের প্রার্থী ঠিক করতে হবে। এমনটা শোনা যাচ্ছে যে সংবিধান সংশোধন প্রশ্নে এর মধ্যে কোনো রফা না হলে সু চি দলের মধ্যে ঘনিষ্ঠ কাউকে এ পদে মনোনয়ন দেবেন।
সু চির পছন্দের যেসব প্রার্থীর কথা শোনা যাচ্ছে তার মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান টিন উও, সু চির ব্যক্তিগত চিকিৎসক টিন মিও উইন এবং এনএলডির নির্বাহী কমিটির সদস্য টিন কিওয়া। তবে এ সবই এখন জল্পনা।