
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত ডিসেম্বর মাসেই দায়িত্ব পালনের পঞ্চম বর্ষে পদার্পণ করেছেন। এখন তাঁর লক্ষ্য হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর পদে আসীন থাকার নতুন রেকর্ড গড়া। সেই লক্ষ্য অর্জনে সহায়তা করতে ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এলডিপি তাঁর পাশে আছে। দলটি গত মাসে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী এনে সর্বোচ্চ আগামী তিন বছর মেয়াদি দুই পর্বে দায়িত্ব পালনের মেয়াদ বাড়িয়ে তিন বছর মেয়াদি তিন পর্বে উন্নীত করেছে। তবে এ আপাতনিশ্চিন্তির মধ্যে ‘বিধি বাম’ হলে কোন পথে যে সংকটের আবির্ভাব ঘটবে, তা কে বলবে! জাপানের প্রধানমন্ত্রীর বেলায়ও এখন যেন তার লক্ষণ ফুটে উঠতে দেখা যাচ্ছে।
ক্ষমতাসীন দল এলডিপি গঠনতন্ত্রে সংশোধনী আনায় আবের জন্য টানা নয় বছর দায়িত্ব পালনের পথ তৈরি হয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন, নয় বছরের সময়সীমা তিনি হয়তো বিনা বাধাতেই পূরণ করতে পারবেন। সংকট ঘনিয়ে আসার আভাস মেলায় এখন আর অত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
জাপানের প্রধানমন্ত্রীকে সম্প্রতি অপ্রত্যাশিত এক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, যার কেন্দ্রে আছে শিশুদের একটি কিন্ডারগার্টেন। বিষয়টা বিস্ময়কর শোনালেও ঘটনা সত্যি। মোরিতোমো গাকুয়েন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক বছর ধরে শিশুদের যে কিন্ডারগার্টেন চালিয়ে আসছে, তার শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এতে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশপ্রেমের যে শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে, তা অনেক অর্থেই ঊনবিংশ শতাব্দীর মেইজি জাপানের শিক্ষা কর্মসূচির অনুরূপ। সমালোচকেরা বলে থাকেন, জাপানের ওই শিক্ষাই দেশটিকে একসময় চরম জাতীয়তাবাদী ভাবধারার দিকে ঠেলে দিয়েছিল, যার পরিণতিতে দেশটি যুদ্ধের পথে ধাবিত হয়।
মনে করা হয়, মোরিতোমো গাকুয়েনের শিশু শিক্ষা কার্যক্রমের পেছনে প্রধানমন্ত্রী আবের অনুমোদন ছিল। কারণ, তিনিও সত্যিকার দেশপ্রেমী নাগরিক গড়ে তোলার শিক্ষার ওপর অনেকবার গুরুত্ব দিয়েছেন। মোরিতোমো গাকুয়েনের সঙ্গে আবের অনুসারীদের প্রতিষ্ঠিত কট্টর জাতীয়তাবাদী সংগঠন নিপ্পন কাইগরির রয়েছে গভীর সম্পর্ক। মরিতোমো গাকুয়েনে তাদের প্রাথমিক স্কুলের সাম্মানিক অধ্যক্ষ হিসেবে বেছে নেয় স্বয়ং প্রধানমন্ত্রীর স্ত্রী আকিয়ে আবেকে। পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে ওই প্রস্তাবিত স্কুলের জন্য সরকারি জমি নামমাত্র দামে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর স্ত্রী অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। কিন্তু কলঙ্ক তাঁকে ছাড়েনি। পরে আরও অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রীর স্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান গাকুয়েনের প্রধান ইয়াসুনোরি কাগোইকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ ইয়েনও দান করেন। আকিয়ে আবে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে চলেছেন।
বিতর্ক শুরু হলে জাপানের সংসদ সাক্ষ্য দেওয়ার জন্য কাগোইকে তলব করে। তিনি কেবল অর্থপ্রাপ্তির দাবির পুনরুল্লেখই করেননি, আকিয়ে আবের পাঠানো কয়েকটি ই-মেইল উদ্ধৃত করেন। কাগোই বলেছেন, সেগুলো ছিল তাঁকে ভয় দেখিয়ে নিশ্চুপ রাখার প্রয়াস। প্রধানমন্ত্রীর দপ্তর এর জবাবে বেশ কিছু ই-মেইল গণমাধ্যমের সামনে প্রকাশ করে দিয়ে বলেছে, সেগুলোর কোথাও ভয় দেখানো কিংবা অর্থ প্রদানের কোনো উল্লেখ নেই।
জাপানের সংসদে বিরোধী দলগুলো এখন চাইছে প্রধানমন্ত্রীর স্ত্রীও যেন শপথ নিয়ে সাক্ষী হিসেবে সংসদে হাজির হয়ে তাঁর নিজের বক্তব্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল অবশ্য সেই দাবি নাকচ করে দিয়েছে।