
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধ এবং দুর্গত লোকজনের মানবিক সহায়তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে ওই সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহল মোটেই সোচ্চার নয়।
তাই রাখাইনের পরিস্থিতি নিয়ে স্বাধীন তদন্তের দাবি উপেক্ষা করে বিতর্কিত সাবেক এক জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে মিয়ানমার। এরপরও রাখাইনের সমস্যা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের রাজনীতি–বিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা আজ মঙ্গলবার মিয়ানমারে যাচ্ছেন।
রাখাইন কমিশনের চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এখন মিয়ানমারে। তিনি রাখাইনের উপদ্রুত এলাকা ঘুরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি এবং কয়েকজন মন্ত্রী ও সিনিয়র এমপিদের
সঙ্গে আলোচনা করেছেন। পরিস্থিতি নিয়ে তিনি দুই মাসের মধ্যে দেশটির সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দেবেন। গতকাল সোমবার তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট থিন খিউ ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। আজ তিনি মিয়ানমার ছাড়বেন।
রাখাইনে সহিংসতা তদন্তে মিয়ানমারের প্রেসিডেন্ট ১৩ সদস্যের যে কমিশন গঠন করেছেন, এর প্রধান করা হয়েছে বিতর্কিত সাবেক জেনারেল ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিন্ট সিউকে। এর মাধ্যমে দেশটি কার্যত আন্তর্জাতিক দাবিকে পুরোপুরি অগ্রাহ্য করেছে।
কূটনৈতিক সূত্র বলেছে, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯টি দেশ ও জোটের রাষ্ট্রদূতেরা গত নভেম্বরের শুরুতে রাখাইন ঘুরে এসে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান সু চির কাছে। কূটনীতিকদের ওই দলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রেনাটা লক ডেসালিয়েনও ছিলেন। তবে সু চির দল এনএলডির নেতৃত্বাধীন সরকার ওই দাবি প্রত্যাখ্যান করে ঘটনা তদন্তে জাতীয় কমিশন গঠনের কথা বলেছে।
মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সদস্যের কমিশনটি রাখাইনে সহিংস ঘটনাগুলোর তদন্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিদ্যমান আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়টিও দেখবে। কমিশন ২০১৭ সালের ৩০ জানুয়ারির মধ্যে প্রেসিডেন্টের কাছে সরাসরি প্রতিবেদন দেবে।
ইয়াঙ্গুনে ২০০৭ সালে রক্তাক্ত অভিযানের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে বৌদ্ধভিক্ষুদের নেতৃত্বে স্যাফরন রেভল্যুশন (গেরুয়া বিপ্লব) দমন করা হয়েছিল। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভিক্ষুদের দমনের ওই অভিযানে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন জেনারেল মিন্ট সিউ।
দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেন, ‘মিয়ানমারে স্থানীয় লোকজনকে নিয়ে গড়া আরেকটি তদন্ত কমিশনের ওপর আমাদের আস্থা নেই। কারণ, এই কমিশনের প্রধান হচ্ছেন সাবেক এক সেনা কর্মকর্তা। নতুন কমিশনের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন তদন্তের সামর্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে। তাই একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এখন সময়ের দাবি।’
সু চির অস্বস্তি: কূটনৈতিক সূত্র বলেছে, কূটনীতিকেরা রাখাইন ঘুরে এসে পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে চলমান সহিংসতার স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। এর পরপরই জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে রাখাইনের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। নিউইয়র্কে ওই বৈঠকের পর মিয়ানমারের কয়েকজন কূটনীতিকের কাছে এ বিষয়গুলো নিয়ে বিরক্তি প্রকাশ করেন সু চি।
গত সপ্তাহে ঢাকা ও ইয়াঙ্গুনের কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করে জানা গেছে, ইয়াঙ্গুনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রেনাটা লক ডেসালিয়নসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) নয়টি দেশ ও জোটের রাষ্ট্রদূতদের ৩ ও ৪ নভেম্বর রাখাইনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে তাঁদের সেনা অভিযানের পর শূন্য হয়ে পড়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় নেওয়া হয়নি। এর পরিবর্তে নেওয়া হয় অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এলাকায়। দুই দিনের সফর শেষে কূটনীতিকেরা ইয়াঙ্গুনে ফেরার পথে মংডুর উত্তরের এক এলাকায় প্রায় ৫০০ বিপর্যস্ত ও দুর্দশাগ্রস্ত রোহিঙ্গা তাঁদের পথ রোধ করেন। এ সময় কূটনীতিকদের সামনেই তাঁদের বেধড়ক পেটান মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুরুতর আহত তিনজনকে আটক করে নিরাপত্তা বাহিনীর গাড়িতে তোলা হয়। একসময় রেনাটা গাড়ি থেকে নেমে আটক তিন রোহিঙ্গাকে ছেড়ে দিতে বলেন। তাঁদের না ছাড়লে কূটনীতিকেরা মংডু ফিরে যাওয়ার হুমকি দেন। কিছুক্ষণ পর রোহিঙ্গাদের ছেড়ে দেওয়া হয়। পরে রেনাটা তাঁর সঙ্গী কূটনীতিকদের বলেন, তাঁদের সামনেই যদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা এত নির্দয় হন, তাহলে আসলেই সেখানকার পরিস্থিতি না জানি কতটা ভয়াবহ! ওই ঘটনার পর কূটনীতিকেরা বুঝতে পারেন, অনুমতি দেওয়া হলেও রাখাইনে সেনাবাহিনীর অভিযানে বিধ্বস্ত জনপদ ও লোকজনের কাছে তাঁদের যেতে দেওয়া হয়নি।
কূটনৈতিক সূত্র বলেছে, এর কয়েক দিন পর রেনাটা ও তাঁর সফরসঙ্গীরা রাখাইনের সহিংসতার কারণ খুঁজতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। এ দাবি নিয়ে তাঁরা সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা শুরু করেন। পরে ১৮ নভেম্বর অং সান সু চি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাঁচ দেশ ও জোটের কূটনীতিকদের আলোচনায় ডাকেন। ওই আলোচনায় কূটনীতিকদের পদক্ষেপে সু চি তাঁর বিরক্তি ও অসন্তুষ্টির কথা জানান। তিনি অভিযোগ করেন, বিদেশি কূটনীতিকেরা একটি পক্ষের হয়ে কথা বলছেন। তবে কূটনীতিকেরা তাঁদের আগের দাবির প্রসঙ্গ টেনে বলেন, একটি স্বাধীন তদন্ত ছাড়া পুরো ঘটনার মূলে যাওয়া সম্ভব হবে না। তাঁদের মতে, ওই তদন্তে ৯ অক্টোবর কী ঘটেছিল, সেটি যেমন বের করতে হবে, তেমনি খুঁজে দেখতে হবে এর দুই দিন পর সামরিক বাহিনী কী ধরনের পদক্ষেপ নিয়েছে। তবে সু চির সাফ জবাব ছিল, একটি জাতীয় কমিশন গঠন করে রাখাইনের ঘটনা তদন্ত করা হবে।