বিদেশি ব্যবসায়ীদের প্রতি ইরান অতিথিপরায়ণ হবে: রুহানি

বিদেশি ব্যবসায়ীদের প্রতি ইরান অবশ্যই অতিথিপরায়ণ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ‘সরকার গেল তিন বছর ধরে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ইরানে প্রবেশের ক্ষেত্রে সব বাধা দূর করতে কাজ করছে।’
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এসব কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে ইরান। আর এ ঘটনার দুদিন পরই এই বক্তব্য দিলেন ইরানের প্রেসিডেন্ট।
সাজাপ্রাপ্তরা হলেন সিয়ামাক নামাজি ও তাঁর ৮০ বছর বয়সী বাবা বকর নামাজি। তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং মার্কিন সরকারকে সহযোগিতার অভিযোগ আনা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়, এই দুই ব্যক্তি বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন।
তেহরানের ব্যবসা-বাণিজ্যকে প্রসারিত করতে রুহানি তাঁর বক্তব্যে বলেন, ‘যেসব বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী ইরানে আসতে চান, আসতে পারেন, আমরা অভ্যর্থনা জানাব।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ইরান নিয়ে সংশয় কাটানো। আর এ ব্যাপারে সরকার খুব ভালো কাজ করছে। জোর গলায় বলতে পারি, বিশ্বে আমাদের যে ভাবমূর্তি তার চেয়ে অনেক বেশি দয়ালু আমরা। আমি চাই, সব দেশ ও জাতির শান্তিপূর্ণ সহাবস্থান। আমি দেশের সব প্রতিষ্ঠান ও কারখানাকে অনুরোধ করব, সব সময় ইতিবাচক থাকতে।’
ইরানের ওপর ২০০৩ সাল থেকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞার অবসান ঘটে চলতি বছরের জানুয়ারিতে।