বিদেশি যোদ্ধা: কার কাছে বিদেশি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস আগেও জঙ্গিবাদবিরোধী বা সন্ত্রাসবাদবিরোধী কাজে যুক্ত ব্যক্তি বাদে অন্যদের কাছে ‘বিদেশি যোদ্ধা’ শব্দগুচ্ছটিই ‘বিদেশি’ বলে মনে হতো। কিন্তু ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাম্প্রতিক তৎপরতার কারণে গণমাধ্যম ও রাজনীতিকেরা এখন প্রায় প্রতিদিনই ব্যবহার করছেন ‘বিদেশি যোদ্ধা’ শব্দগুচ্ছ। অনেক সাধারণ মানুষ অবাক হয়ে ভাবছে, ‘বিদেশি যোদ্ধা’ কারা? কাদের কাছে তারা ‘বিদেশি যোদ্ধা’?
একজন সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যদি লড়াই করার জন্য নিজ দেশ সিরিয়ায় যায়, তাহলে কি তাকে ‘বিদেশি যোদ্ধা’ বলা হবে? নতুন করে সামনে চলে আসছে এ প্রশ্ন। কিন্তু সে যা-ই হোক, পশ্চিমা দেশগুলো এখন এই ‘বিদেশি যোদ্ধাদের’ নানাভাবে হুমকি হিসেবে তুলে ধরার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ একসময় এই পশ্চিমাদের মদদেই উত্থান ঘটেছে ‘বিদেশি যোদ্ধাদের’।
বিদেশি যোদ্ধা তাদেরই বলা হয়, যারা যুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে ব্যক্তিগতভাবে নিজ দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায়। যদিও এই ধারণা অনেক পুরোনো। ক্রুসেডগুলোর সময় থেকে গত শতাব্দীর ত্রিশের দশক পর্যন্ত আদর্শিক কারণে অনেক তরুণ নিজ দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংগঠিত হয়েছে। তবে সমসাময়িক কালের বিদেশি যোদ্ধাদের সঙ্গে ঐতিহাসিক ওই সময়ের বিদেশি যোদ্ধার ধারণাগত পার্থক্য বেশ বড়। ওই সময়ের বিদেশি যোদ্ধারা আদর্শিক কারণে বিদেশে গিয়ে যুদ্ধ করেছে। পরে নিজের দেশে ফিরে চালিয়ে গেছে সেই যুদ্ধ। আর এখন বাইরের দেশে স্থায়ী হওয়া অনেকে নিজ দেশে ফিরছে যুদ্ধ করতে। এসে হয়ে যাচ্ছে ‘বিদেশি যোদ্ধা’।
বিদেশি যোদ্ধার ধারণায় পরিবর্তন এসেছে ১৯৭৯ সালে আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অভিযানের সময়। ওই সময় সোভিয়েতের বিপক্ষে আফগানিস্তানে জিহাদে অংশ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের তরুণদের উদ্বুদ্ধ করতে থাকে পশ্চিমারা; যেটা ছিল তৎকালীন দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ছায়া যুদ্ধ। একপর্যায়ে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে জিহাদি আদর্শের উত্থান ঘটে।
‘আফগান জিহাদ’ শেষে নিজ নিজ দেশে ফেরা মধ্যপ্রাচ্যের তরুণদের অনেকে ভাবতেন, পশ্চিমাদের নানা ভুলের বিরুদ্ধে এবং মুসলিমদের রক্ষায় যুদ্ধ করার সামর্থ্য তাঁদের আছে। এটা তাঁদের কর্তব্যও। এমন অনেক বিদেশি যোদ্ধা পশ্চিমা বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় লাভ করতে সক্ষম হন। সেখানে তাঁরা কট্টরপন্থী ভাবাদর্শে তরুণদের উদ্বুদ্ধ করার কাজ করতে থাকেন।
তবে ‘বিদেশি যোদ্ধা’ শব্দগুচ্ছকে পরিচিত করে তোলা হয় ১০ বছর আগে ইরাকে মার্কিন জোটের আগ্রাসনের সময়। মার্কিন সামরিক কর্মকর্তাদের ধারণা ছিল, সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে যে ‘সুন্নি বিদ্রোহীরা’ তাদের তটস্থ করে রেখেছিল, সেই বিদ্রোহীদের একটি বড় অংশ ছিল বিদেশ থেকে ইরাকে জড়ো হওয়া জিহাদি। যদিও তাদের ধারণা ভুল ছিল।
আর লন্ডনে সেভেন-সেভেনে যে সন্ত্রাসী হামলা হয়, তার সঙ্গে জড়িতরা কিন্তু কট্টরপন্থী কোনো সংগঠনের সঙ্গে তেমনভাবে সম্পৃক্ত ছিল না। বিদেশে গিয়ে যুদ্ধ করারও অভিজ্ঞতা ছিল না তাদের। এ ঘটনার পরও পশ্চিমাদের শুধু বিদেশফেরত যোদ্ধাদের নিয়ে আতঙ্ক কমাতে পারেনি।