বিদেশি সাংবাদিকদের মৃত্যুকূপ মধ্যপ্রাচ্য
২০১৪ সাল ছিল সাংবাদিকদের জন্য ভয়ংকর একটি বছর। দায়িত্ব পালনের সময় এ বছর বিভিন্ন দেশে নিহত হয়েছেন ৬০ জন বিদেশি সাংবাদিক। ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে নির্মমভাবে সাংবাদিক হত্যা এ সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজি)। খবর এএফপির।
সিপিজি জানায়, সংস্থাটি সাংবাদিক হত্যার হিসাব রাখা শুরুর পর থেকে ২০১৪ সালেই সবচেয়ে বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকই মারা গেছেন মধ্যপ্রাচ্যে। এসব হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল আইএস জঙ্গিদের হাতে মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন সটলফের হত্যাকাণ্ড। জঙ্গিরা এ দুজনের শিরশ্ছেদ করার ভিডিওচিত্র অনলাইনে ছেড়ে দেয়।
সিপিজির প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক দেশ হলো সিরিয়া। এ বছর দেশটিতে ১৭ জন সাংবাদিক নিহত হন।