বিদেশে গিয়ে লড়তে পারবে জাপানি সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের মন্ত্রিসভা দেশটির নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনা একটি বিল অনুমোদন করেছে। এতে এখন থেকে জাপানের সামরিক বাহিনীর বিদেশে গিয়ে লড়াইয়ে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তা বন্ধ ছিল। তবে এই নীতি বদল নিয়ে দেশটির জনগণ দ্বিধাবিভক্ত। খবর রয়টার্সের।
পরিকল্পিত পরিবর্তনগুলো গত মাসে প্রকাশিত মার্কিন-জাপান প্রতিরক্ষা সমঝোতার অন্তর্ভুক্ত। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় সামরিক কর্মকাণ্ডে বৃহত্তর ভূমিকা রাখার মঞ্চ প্রস্তুত হলো। চীনের ক্রমবর্ধমান সামরিক উত্থানে সৃষ্ট চ্যালেঞ্জের প্রেক্ষাপটেই টোকিও এবং ওয়াশিংটন ওই প্রতিরক্ষা সমঝোতা করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রশক্তির চাপে জাপান বিদেশে কোনো লড়াইয়ে সেনা পাঠানো থেকে বিরত থাকার নীতি নেয়। এভাবে দেশটির শান্তিবাদী ভাবমূর্তি তৈরি হয়। প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিসভা দেশটির সংবিধানে অন্তর্ভুক্ত স্ব-আরোপিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে একটি প্রস্তাব গতকাল বৃহস্পতিবার গ্রহণ করে। এটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে দেশটির সেনাবাহিনী সমষ্টিগত আত্মরক্ষার অধিকার চর্চা বা আক্রান্ত কোনো বন্ধুভাবাপন্ন দেশকে সামরিক সহায়তা দেওয়ার সুযোগ ফিরে পাবে।
বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় এখন যাবে পার্লামেন্টে। সেখানে এর ওপরে উত্তপ্ত বিতর্ক হবে বলে আশা করা হচ্ছে। তবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী আবের দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি সহজেই পাস হয়ে যাবে।
মন্ত্রিসভায় বিলটি অনুমোদিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী আবে। এ সময় তিনি নতুন নীতির ফলে জাপান বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়বে, এমন উদ্বেগ উড়িয়ে দেন। তাঁর দাবি, এই নীতি বরং অন্যদের এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সহায়ক হবে। আবে বলেন, জাপান যুদ্ধবাজ দেশ নয় বলে গত ৭০ বছর যে খ্যাতি রয়েছে, তা ধরে রাখবে। তবে তিনি এও বলেন, ‘সময়ের ব্যবধানে যেসব পরিবর্তন এসেছে, আসুন তার প্রতি আমরা আর চোখ বন্ধ করে না রাখি।’
প্রতিবেশীদের প্রতিক্রিয়া: এদিকে জাপানি মন্ত্রিসভার পদক্ষেপের পর পরই প্রতিক্রিয়া এসেছে চীন ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করব, জাপান আন্তরিকভাবেই ইতিহাসের শিক্ষাগুলো গ্রহণ করতে সক্ষম। আমাদের প্রত্যাশা, তারা শান্তিপূর্ণ উন্নয়নের পথকে সমুন্নত করবে ...এবং এশিয়া অঞ্চলে গঠনমূলক ভূমিকা পালন করবে।’
আর সিউল বলেছে, জাপানকে তার সংবিধানের বর্তমান আদর্শেই বিশ্বস্ত থাকতে হবে।
যুদ্ধকালীন সময়ের তিক্ততা, জলসীমা নিয়ে বিরোধ ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার জের ধরে চীন ও দক্ষিণ কোরিয়া উভয়ের সঙ্গেই জাপানের সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে খারাপ।
ভোটাররা বিভ্রান্ত: বিভিন্ন মতামত জরিপের ফলে দেখা যাচ্ছে, নতুন নীতি নিয়ে জাপানি ভোটাররা যেমনি বিভ্রান্ত, তেমনি দ্বিধাবিভক্তও। এমনকি বিলটির সমর্থকেরাও বলছেন, দেশের শান্তিবাদী থাকা সংক্রান্ত সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদের পরিবর্তন নিয়ে তাঁরা বিভ্রান্ত।
জাপানি সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকের চালানো একটি জরিপের ফলে চলতি সপ্তাহে দেখা গেছে, ৪৯ শতাংশ জনগণই প্রস্তাবিত পরিবর্তনটি সম্পর্কে ভালোভাবে বোঝেন না। আর ৫০ শতাংশই যুক্তরাষ্ট্র-জাপান নতুন প্রতিরক্ষা সমঝোতার আওতায় টোকিওর সম্প্রসারিত সামরিক ভূমিকাকে সমর্থন করেন না।