বিদেশে গৃহকর্মী পাঠাতে ইন্দোনেশিয়ার শর্ত
ইন্দোনেশিয়া সার্বক্ষণিক কাজের জন্য বিদেশে গৃহপরিচারিকা পাঠানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির কোনো নারী গৃহকর্মীর চাকরি নিয়ে শুধু তখনই বিদেশে যেতে পারবেন যদি তাঁর সে দেশে আলাদা বাড়িতে থাকার এবং কাজের সুনির্দিষ্ট সময় ও সাপ্তাহিক ছুটির নিশ্চয়তা থাকে। আগামী বছর ইন্দোনেশিয়া এ সিদ্ধান্ত কার্যকর করবে।
পূর্ব এশিয়া এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে লাখ লাখ গৃহপরিচারিকা কাজ করতে যান, তাঁদের বিরাট অংশ ইন্দোনেশিয়ার দরিদ্র পরিবারগুলো থেকে আসা। তাঁরা প্রায়ই গৃহকর্তা বা গৃহকর্ত্রীদের হাতে নির্যাতিত হন। নানাভাবে তাঁদের অধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এ কারণেই ইন্দোনেশীয় সরকার সার্বক্ষণিক গৃহকর্মী হিসেবে নারীদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ইন্দোনেশিয়ার লাখ লাখ মানুষের ওপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। যাঁরা গৃহপরিচারিকার কাজ নিয়ে বিদেশে যান তাঁরা এবং তাঁদের পরিবার ও নিয়োগকর্তারা সবাই এ সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবেন।