বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তিতে মিয়ানমার
মিয়ানমারের সরকার দেশটির আটটি জাতিগোষ্ঠীভিত্তিক সশস্ত্র দলের সঙ্গে অস্ত্রবিরতির চুক্তি করেছে। টানা দুই বছরের শান্তি আলোচনা শেষে গতকাল বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সশস্ত্র লড়াই বন্ধ এবং স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য গতকালের চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে মিয়ানমার সরকার। খবর বিবিসির।
সরকার মোট ১৫টি সশস্ত্র দলের সঙ্গে আলোচনা শুরু করে। আটটি দলের সঙ্গে চুক্তি হলেও সবচেয়ে সক্রিয় বলে পরিচিত গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো চুক্তি হয়নি। চুক্তি হয়নি এমন বড় দলগুলোর মধ্যে আছে দ্য ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ) এবং কাচিন ইনডিপেনডেন্স অর্গানাইজেশন (কেআইও)। কেআইওর সশস্ত্র দল কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) উত্তর-পূর্বাঞ্চলের কাচিন রাজ্যের বিরাট এলাকা নিয়ন্ত্রণ করে।
সরকারনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এ বলা হয়েছে, চুক্তির ফলে ৬০ বছরের সশস্ত্র লড়াইয়ের অবসান হবে।
তবে এএফপির খবরে বলা হয়েছে, সরকার দেশব্যাপী যুদ্ধবিরতির যে আশা করছে, তা কার্যকর হওয়া সম্ভব নয়। কেননা, সশস্ত্র বড় দলগুলোর সঙ্গে সমঝোতা হয়নি এবং এসব দল তাদের কার্যকলাপ অব্যাহত রেখেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।