বিধ্বস্ত এয়ার এশিয়ার মৃতদেহ অনুসন্ধান তৎপরতার সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ডিসেম্বরে জাভা সাগরে বিধ্বস্ত এয়ারএশিয়ার উড়োজাহাজের যাত্রীদের মৃতদেহ অনুসন্ধান ‘সম্পূর্ণ শেষ’ হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ওই উড়োজাহাজের আরোহীদের মধ্যে ৫৬ জন নিখোঁজ। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার পরিচালক এসবি সুপ্রিয়াদি মঙ্গলবার বলেন, সেদিনই মৃতদেহ অনুসন্ধান তৎপরতা ‘পরিপূর্ণভাবে শেষ’ হয়েছে। এর সঙ্গে যুক্ত নৌযানগুলোকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিয়াদি বলেন, চারটি জাহাজের সবগুলোই বুধবার (গতকাল) সকালের মধ্যে জাকার্তায় পৌঁছাবে।
উদ্ধার সংস্থার পরিচালক আরও বলেন, এ পর্যন্ত উদ্ধার করা মৃতদেহের সংখ্যা ১০৬টি। সর্বশেষ গত শনিবার কয়েকটি মৃতদেহের সন্ধান মেলে। এর মধ্যে তিনটি উদ্ধার করা হয় সাগরে নিমজ্জিত উড়োজাহাজের ধ্বংসাবশেষের ভেতর থেকে।
এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ গত ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে বিধ্বস্ত হয়। এরপর আন্তর্জাতিকভাবে উদ্ধার তৎপরতা শুরু হয়। শুরু থেকেই খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হয়ে আসছিল। জানুয়ারির শুরুর দিকে জাভা সাগরের তলায় বিমানটির মূল অংশ শনাক্ত করা হয়।