বিধ্বস্ত কাঠমান্ডু, নিহত ২৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের কাঠমান্ডুর স্বয়ম্ভূতে ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে উদ্ধারে সহযোগিতা করছেন উদ্ধারকর্মীরা। গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে জোরেশোরে শুরু হয়েছে উদ্ধারকাজ l ছবি: এএফপি
নেপালের কাঠমান্ডুর স্বয়ম্ভূতে ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে উদ্ধারে সহযোগিতা করছেন উদ্ধারকর্মীরা। গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে জোরেশোরে শুরু হয়েছে উদ্ধারকাজ l ছবি: এএফপি

নেপালে গত শনিবারের শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে রাজধানী কাঠমান্ডু। এতে দেশটিতে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এ পরিস্থিতিকে দুর্যোগ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে নেপাল। গতকাল রোববার নেপালে আবার নতুন করে ভূমিকম্প হয়েছে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
নেপালের ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার জানায়, নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজার ২৩৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্য একটি সূত্র বলছে, শুধু রাজধানীতে সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।
নেপালের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মিনেন্দ্র রিজাল ভারতীয় টেলিভিশনে বলেন, আমাদের দেশ একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের অনেক সহায়তা ও ত্রাণ প্রয়োজন।
উদ্ধার তৎপরতা: শনিবারের ভূমিকম্পে কাঠমান্ডুর অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। ভূমিকম্পের পরপর উদ্ধার তৎপরতা শুরু হয়। ইট, সিমেন্ট, কাঠের ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। প্রায় রাতভর উদ্ধার অভিযান চলে। তবে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় উদ্ধার অভিযানে সময় লাগছে। কাঠমান্ডুর অধিকাংশ এলাকা শনিবার দিবাগত রাত ছিল বিদ্যুৎহীন। মুঠোফোন নেটওয়ার্কও বিপর্যস্ত হয়েছে। সড়কে ধ্বংসাবশেষ থাকায় ও গর্ত সৃষ্টি হওয়ায় কিছু এলাকায় পৌঁছাতেও দেরি হচ্ছে উদ্ধারকর্মীদের। আবার প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যেতে পারছেন না তাঁরা।

কাঠমান্ডুর একটি এলাকায় উদ্ধার অভিযানে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা সন্তোষ নেপাল জানান, তাঁরা তিনতলা একটি ভবনের ধ্বংসস্তূপে সুড়ঙ্গ করে হতাহতদের সরিয়ে নিচ্ছেন। এ কাজের জন্য বুলডোজার প্রয়োজন। কিন্তু সড়কে ধ্বংসাবশেষ থাকা ও সড়ক অপ্রশস্ত হওয়ায় বুলডোজার নেওয়া যাচ্ছে না।

বিভিন্ন এলাকায় ঘরবাড়িহারা শত শত মানুষ রাতে খোলা মাঠে রাত কাটায়। তুধিখেল জেলার একটি মাঠে শত শত মানুষের সঙ্গে রাত কাটিয়েছেন ব্যাংক কর্মকর্তা নেহা শ্রেষ্ঠা (৩৪)। তিনি বলেন, ‘সারা রাত ঘুমাইনি। কীভাবে ঘুমাব? রাতে বারবার ভূকম্পন অনুভূত হয়েছে। আমরা শুধু প্রার্থনা করছি, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে আর বাড়িতে ফিরতে পারব।’

হাসপাতালগুলোতে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলছে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। অক্সফাম অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হেলেন এসজোকে বলেন, ‘বিদ্যুৎ নেই, যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত, হাসপাতালে রোগী বা লাশ রাখার জায়গা হচ্ছে না।’

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্র একটি বিশেষ দল পাঠাচ্ছে। প্রাথমিক সহায়তা হিসেবে ১০ লাখ ডলার ছাড় করা হয়েছে বলে জানিয়েছে ইউএসএইড। প্রতিবেশী ভারত বেশ কিছু হেলিকপ্টার, চিকিৎসা সরঞ্জাম, ভ্রাম্যমাণ হাসপাতাল এবং ৪০টি শক্তিশালী উদ্ধারকর্মী দল ও ডগ স্কোয়াড পাঠিয়েছে। চীন ডগ স্কোয়াডসহ উদ্ধারকর্মীদের ৬২টি দল পাঠিয়েছে। পাকিস্তান চারটি এয়ারক্রাফট, ৩০টি হাসপাতাল শয্যা, সেনাবাহিনীর চিকিৎসক দল, খাবার, তাঁবু ও কম্বল পাঠাচ্ছে।

আবার ভূমিকম্প: নেপালে গতকালনতুন করে রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ৪০ কিলোমিটার পূর্বে। শনিবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরদিনই এই ভূমিকম্পে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত বাড়িঘর ছেড়ে আগের দিনের ধ্বংসস্তূপ এড়িয়ে রাস্তায় নেমে আসে মানুষ। তবে গতকালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ওই ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়। বাসস জানায়, বাংলাদেশ সময় বেলা ১টা ৯ মিনিট ৮ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও ভূপর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি, অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ঢাকার বাইরের চিত্র: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তবকপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হয়। একইভাবে নারায়ণগঞ্জে বরফকল এলাকায় একটি পোশাক কারখানার ২০ শ্রমিক আহত হন। শেরপুর সদর উপজেলার বেতমারী গ্রামের হায়দার আলী (৭০) নামের এক ব্যক্তি আতঙ্কে মারা গেছেন বলে জানা গেছে। রংপুরে ভূমিকম্পের সময় শৌচাগারের কুয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে আখতারুল ইসলাম (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে আতঙ্কে ৬০ জন নারী শ্রমিকসহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৪২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার স্টেশন সড়কের নতুন একটি দশতলা ভবনের একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়ও বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লায় ১০তলা একটি ভবন হেলে পড়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি দোতলা ভবনের সব কটি কক্ষের দেয়াল ও ছাদে ফাটল দেখা দেওয়ার পর বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কক্ষে ও একমাত্র ছাত্রী হল ‘দোলনচাঁপার’ পঞ্চম তলার বারান্দায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ ও তৃতীয় বিজ্ঞান ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে।

ত্রাণ ও চিকিৎসা দল পাঠাল বাংলাদেশ: নেপালের জনগণকে সহায়তার জন্য ছয়টি চিকিৎসা দলসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমানে করে মোট ৩৪ জনের একটি দল কাঠমান্ডুতে পৌঁছেছে। খবর বাসস ও ইউএনবির।