বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গেছে
এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার সমুদ্র পরিবহন বিভাগের মহাপরিচালক টনি বুদিয়োনো গতকাল রোববার এ কথা জানান। খবর এএফপি, রয়টার্স ও চ্যানেল নিউজ এশিয়ার।
এক বিজ্ঞপ্তিতে মহাপরিচালক টনি বুদিয়োনো জানান, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি জাহাজের নাবিক কেএন জাদায়াত সাগরের ৩০ থেকে ৩২ ফুট গভীরে ব্ল্যাক বক্স খুঁজে পান।
এর আগে উদ্ধারকর্মীরা জানান, এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের মূল অংশ পাওয়া গেছে বলে তাঁরা ধারণা করছেন। উদ্ধারকারী দল সোনার স্ক্যান যন্ত্রের সাহায্যে জাভা সাগরের তলায় একটি বড় বস্তুর সন্ধান পেয়েছে।
সাগরের যে জায়গা থেকে গত শনিবার উড়োজাহাজটির পেছনের অংশ উদ্ধার করা হয়, তার চার কিলোমিটার এলাকার মধ্যেই নতুন বড় বস্তুটির সন্ধান পাওয়া গেছে। এটি সত্যিই মূল অংশ হলে সেখানেই বেশির ভাগ আরোহীর মৃতদেহ আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছিল।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার একজন পরিচালক ও বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জনসন সুপ্রিয়াদি বলেন, সোনার স্ক্যানের মাধ্যমে সাগরতলে খুঁজে পাওয়া বস্তুটির আয়তন ১০০ ঘনমিটার। তাঁরা ধারণা করছেন, এটিই এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের মূল অংশ। তিনি বলেন, একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আবারও অনুসন্ধান তৎপরতা ব্যাহত হচ্ছে।