বিনিয়োগের সন্ধানে সিউলে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিউলে গতকাল যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই l ছবি: রয়টার্স
সিউলে গতকাল যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই l ছবি: রয়টার্স

ছয় দিনে পূর্ব এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দেশটির বৃহৎ কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণ—মোদির সফরের লক্ষ্য এই দুটি। খবর এএফপি ও হিন্দুস্তান টাইমসের।
প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির এই প্রথম কোরিয়া সফর। দুই দিনের এই সফরে মোদি কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের সঙ্গে বৈঠক করবেন। কূটনীতি ও অর্থনীতি ছাড়াও আলোচ্য বিষয়ে থাকছে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি। মোদির এই সফরে একটা বড় সময় ব্যয় হবে দক্ষিণ কোরিয়ার বৃহৎ তিন কোম্পানি হুন্দাই, স্যামসাং এবং এলজির কর্তাদের সঙ্গে বৈঠক। গাড়ি, স্মার্টফোন এবং গৃহে ব্যবহার্য সামগ্রীর বড় ব্যবসা আছে এই কোম্পানিগুলোর। তিনটি কোম্পানিরই ভারতে কারখানাও আছে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হুন্দাই মোটর কোম্পানির ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে দুটি কারখানা আছে। মোদি আজ মঙ্গলবার হুন্দাইয়ের প্রধান চুং মং-কুয়ের সঙ্গে বৈঠক করবেন।
সফরে মোদি তাঁর ‘ভারতে তৈরি’ বা ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের জন্য বড় আকারের বিনিয়োগের চেষ্টা করবেন। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির অপেক্ষাকৃত দুর্বল অবকাঠামোর উন্নয়নের জন্য মোদি এক হাজার কোটি ডলারের সহজ শর্তে ঋণ পাওয়ার আশা করছেন দক্ষিণ কোরিয়ার কাছ থেকে।
সিউলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ও হোয়া-সুক বলেন, ‘চীন বা জাপানের চেয়ে ভারতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ অনেক কম। যদিও দেশটির এখানে ব্যাপক প্রবৃদ্ধির সম্ভাবনা আছে।’
আজ মঙ্গলবার কোরিয়ার উলসানে মোদি বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাণপ্রতিষ্ঠান হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করবেন। বৈঠক করবেন এর চেয়ারম্যান চোই কিল-সিয়নের সঙ্গে।
গতকাল সকালে মঙ্গোলিয়া থেকে সিউলে পৌঁছেই মোদি ন্যাশনাল সিমেট্রিতে যান পুষ্পস্তবক অর্পণ করতে। পরে কোরিয়াপ্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি বলেন, ‘ভারত সম্পর্কে এক বছর আগেও বিশ্ববাসীর যে ধারণা ছিল এখন তা পাল্টে গেছে।’ সন্ধ্যায় কোরীয় প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল মোদি।