শোকের ভূমিতে প্রথম ঈদ
‘গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে এবারের ঈদে ফিলিস্তিনের বহু পরিবার ঐতিহ্যবাহী মিষ্টান্ন মামুল তৈরি করেনি। ঈদের দিন পশ্চিম তীরের রাস্তায় রাস্তায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মিছিল হয়েছে। বিক্রি হয়েছে স্লোগানে ভরা কালো টি-শার্ট।’
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ও সেখানেই বেড়ে ওঠা এক ফিলিস্তিনি তরুণী বেসান আবু-জুদেহ এভাবেই ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ ফিলিস্তিনে তাঁর ঈদ পালনের অভিজ্ঞতা জানালেন। প্রথমবারের মতো তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে ঈদ করেন। বোমার বৃষ্টি আর শোকের মাতমের মধ্যে ঈদের ছুটি কাটানোর অভিজ্ঞতা সাংবাদিকের কাছে বর্ণনা করেন ২৫ বছর বয়সী বেসান।
গ্রীষ্মকালীন ছুটির সময়ে ঈদ পড়ায় বেসান এবার ফিলিস্তিনে ঈদ করার পরিকল্পনা করেন। গাজায় অব্যাহত হামলায় যখন ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে, তখন একজন তরুণীর এ ধরনের পরিকল্পনা করাটা বিস্ময়কর। কিন্তু মাতৃভূমি বলে কথা। নিজের মাটিতে ঈদের মতো খুশির উত্সব উদযাপন করতে কে না চায়?
যেই ভাবা সেই কাজ। ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসানকে পৌঁছাতে তিনটি সীমান্ত পথ পাড়ি দিতে হয়েছে। তবে ফিলিস্তিনের কার্ডধারী বেসানকে তেমন একটা সমস্যায় পড়তে হয়নি বলে তিনি জানান। তাঁর ভাষায়, ‘আমি প্রথমে জর্ডানের আম্মান যাই। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার পর বাসে করে ইসরায়েলি সীমান্তে যাই। সেখানে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ফিলিস্তিনের সীমান্তে পৌঁছাই।’
বেসান তাঁর চাচা-চাচি, দাদা-দাদি ও বন্ধুদের সঙ্গে ঈদের দিন সময় কাটিয়েছেন। জানালেন, ঈদের প্রথম সকালে গাজায় ইসরায়েলি হামলায় আট শিশু নিহত হয়। এ ছাড়া প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছিল। এ অবস্থায় পশ্চিম তীরের মানুষের ঈদ উদযাপন করার মতো কোনো উত্সাহ, আগ্রহ বা অবস্থা ছিল না।
বর্তমানে দুবাইয়ে কাজ করছেন বেসান। সেখান থেকে অনলাইন সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ফিলিস্তিনের পশ্চিম তীরের মানুষকে ইসরায়েল বা জেরুজালেমে যেতে দেওয়া হয় না। তাই আমি জেরুজালেমের আল আকসা মসজিদে যেতে পারিনি। অথচ, এটি মুসলমানদের জন্য অন্যতম পবিত্র একটি স্থান।’