বিপর্যয় রোধে ৫০০ কোটি ডলার চায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক তারল্য সংকটে রয়েছে আফগানিস্তান
ফাইল ছবি রয়টার্স

জাতিসংঘ বলছে, ২০২২ সালে আফগানিস্তানে মানবিক বিপর্যয় ঠেকাতে এবং বিধ্বস্ত দেশটি পুনর্নির্মাণে তাদের ৫০০ কোটি মার্কিন ডলারের তহবিল দরকার। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘আফগানিস্তানে পুরোপুরি মানবিক বিপর্যয় নেমে এসেছে। আমার জরুরি বার্তা হচ্ছে, আফগানিস্তানের জনগণের জন্য দরজা বন্ধ করবেন না।’ তিনি আরও বলেন, ‘আমাদের সহায়তার পরিধি বাড়াতে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ক্ষুধা, রোগ, অপুষ্টি এবং শেষ পর্যন্ত মৃত্যু প্রতিরোধ করতে সহায়তা করুন।’

সুইজারল্যান্ডের জেনেভায় গ্রিফিথস সাংবাদিকদের বলেন, সহায়তা প্যাকেজ ছাড়া, ‘আফগানিস্তানের ভবিষ্যৎ নেই।’

নির্দিষ্ট কোনো দেশের সহায়তার জন্য এর আগে এত বড় অঙ্কের তহবিল চায়নি জাতিসংঘ। জাতিসংঘ বলছে, শুধু আফগানিস্তানের অভ্যন্তরীণ মানুষের সহায়তার জন্য তাদের ৪৪০ কোটি ডলার তহবিল প্রয়োজন। তহবিলের বাকি অংশ প্রয়োজন আফগানিস্তানের সীমান্তের বাইরে যেসব আফগান শরণার্থী হিসেবে আছেন, তাঁদের জন্য।

জাতিসংঘের দেওয়া তথ্যমতে, আফগানিস্তানের অভ্যন্তরে ২ কোটি ২০ লাখ মানুষ এবং দেশটির পাঁচ প্রতিবেশী দেশে আরও ৫৭ লাখ বাস্তুচ্যুত আফগানের এই বছর জরুরি সহায়তা প্রয়োজন।

গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তালেবান ক্ষমতায় আসার পর দেশটির অর্থনৈতিক ব্যবস্থা পুরোদমে ভেঙে যায়। হু হু করে বাড়তে পারে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।