বিমান ধ্বংসে আইএসের দাবি নাকচ সিসির
মিসরের সিনাই উপত্যকায় যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার দাবি উড়িয়ে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। তিনি একে অপপ্রচার বলে আখ্যা দেন। খবর বিবিসি ও এএফপির।
গত সোমবার সংশ্লিষ্ট বিমান সংস্থাটি সংবাদ সম্মেলন করে দাবি করে, কারিগরি ব্যর্থতা কিংবা চালকের ত্রুটির কারণে নয়, ‘বাহ্যিক কারণে’ বিধ্বস্ত হয়েছে বিমানটি। এতে বাইরে থেকে ক্ষেপণাস্ত্রের মতো কোনো কিছুর আঘাতের গুঞ্জন জোরদার হয়েছে।
সিনাইয়ে গত শনিবার রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইনসের এয়ারবাস এ-৩২১ বিধ্বস্ত হওয়ার ওই ঘটনায় ২২৪ জন আরোহী নিহত হন।
মিসরের প্রেসিডেন্ট আল–সিসি গতকাল বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনই বলা হবে অপরিপক্ব কাজ। তিনি বলেন, আইএস বিমানটি ভূপাতিত করেছে—এ প্রচারণা মিসরের স্থিতিশীলতা, নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্ট করার একটা ষড়যন্ত্র।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার সোমবার বলেন, রুশ বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে আইএসের জড়িত থাকার সম্ভাবনা বাদ দেওয়া যায় না। তবে এর সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসাজশ থাকার ব্যাপারে আমাদের কাছে সরাসরি কোনো প্রমাণ নেই।
তদন্তকারীরা গতকাল উড়োজাহাজটির দুই ব্ল্যাক বক্স পরীক্ষা করা শুরু করেছেন।
এদিকে মার্কিন একটি সামরিক স্যাটেলাইট ঘটনার সময় সিনাই মরুভূমির আকাশে তাপের আকস্মিক বিচ্ছুরণ চিহ্নিত করেছিল বলে গতকাল খবর পাওয়া যায়। এ থেকে বিমানটিতে একটি বিস্ফোরণ ঘটার মতো সম্ভাব্য বিপর্যয়ের ইঙ্গিত মিলছে।
কোগালিমাভিয়া এয়ারলাইনস বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য এর কারিগরি ব্যর্থতা, চালকের ত্রুটি বা মনুষ্যসৃষ্ট কারণকে নাকচ করে দিয়েছে।