বিমান বিধ্বস্ত : সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বস্ত বিমানে যেসব খ্রিষ্ট ধর্মাবলম্বী যাত্রী ছিলেন, তাঁদের স্বজনেরা আজ মিসরে এক গির্জায় শোক অনুষ্ঠান পালন করেন। প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে গত বৃহস্পতিবার ৬৬ জন আরোহী নিয়ে ইজিপ্ট এয়ারের বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স
বিধ্বস্ত বিমানে যেসব খ্রিষ্ট ধর্মাবলম্বী যাত্রী ছিলেন, তাঁদের স্বজনেরা আজ মিসরে এক গির্জায় শোক অনুষ্ঠান পালন করেন। প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে গত বৃহস্পতিবার ৬৬ জন আরোহী নিয়ে ইজিপ্ট এয়ারের বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স

ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাই তদন্তকাজ শেষ করতে হয়তো দীর্ঘ সময় লাগতে পারে। তবে যখনই কারণ জানা যাবে, তা দ্রুত জনগণকে জানানো হবে। আজ রোববার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ কথা বলেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর বিষয়টি নিয়ে এই প্রথম প্রকাশ্যে কথা বললেন তিনি।
গত বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস থেকে ৬৬ জন আরোহী নিয়ে মিসরের কায়রো যাওয়ার পথে মিসরের বিমান সংস্থা ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কয়েক ঘণ্টা অনিশ্চয়তার মধ্যে কাটে। পরে ভূমধ্যসাগরে কারপাথোস দ্বীপের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
গত বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে বিমানটি প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মিসরের স্থানীয় সময় বুধবার দিবাগত ভোররাত ৩টা ১৫ মিনিটে কায়রো পৌঁছানোর কথা ছিল এটির।
মিসরের প্রেসিডেন্ট সিসি বন্দর নগর দামিয়েত্তায় একটি সার কারখানার উদ্বোধনের সময় সমবেত মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের বলেন, ‘এ ঘটনার পেছনে সব ধরনের সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে। এতে হয়তো দীর্ঘ সময় লাগতে পারে কিন্তু কেউ কিছু আড়াল করতে পারবে না। বিধ্বস্ত হওয়ার কারণ জানা গেলে যত দ্রুত সম্ভব জনগণকে সে সম্পর্কে অবহিত করা হবে।’ 

প্রেসিডেন্ট সিসি আরও বলেন, ‘এখন পর্যন্ত বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য সব কারণ যাচাই করে দেখা হচ্ছে। তাই কোনো একটি সুনির্দিষ্ট অনুমানকে একমাত্র কারণ মনে না করা খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে বিধ্বস্ত হওয়ার আগে ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী বিমানটির কেবিনে ধোঁয়া দেখা গিয়েছিল। তদন্তকারীদের বরাত দিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এ তথ্য দিয়েছে বিমান শিল্প-সম্পর্কিত ওয়েবসাইট দ্য এভিয়েশন হেরাল্ড। তবে তথ্যটি দাপ্তরিকভাবে নিশ্চিত করা হয়নি।