
ইরাক ও সিরিয়ায় পাশ্চাত্যের বিমান হামলা ইসলামিক স্টেটের (আইএস) মনোবল একটুও ভাঙতে পারেনি বরং আরও বাড়িয়ে দিচ্ছে বলে একটি অডিও ভাষণে দাবি করা হয়েছে। ইন্টারনেটে প্রকাশ করা ২৪ মিনিটের ভাষণটি আইএসের কথিত খলিফা আবু বকর আল বাগদাদির বলে দাবি করা হচ্ছে। শনিবার আইএসের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা অডিও বার্তাটি আসলেই আল বাগদাদির কি না, তা নিরপেক্ষ কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। খবর এপির।
অডিও বার্তায় এক ব্যক্তিকে আইএসের খলিফা আবু বকর আল বাগদাদি হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য দিতে শোনা যায়। এতে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসকে ভীতসন্ত্রস্ত করতে পারবে না। রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরাক ও সিরিয়ায় স্থলবাহিনী না পাঠানোয় বক্তা বিদ্রূপাত্মক ভাষায় দেশগুলোর সমালোচনা করেন।
সৌদি আরবের নেতৃত্বে সম্প্রতি ৩৪টি মুসলিমপ্রধান দেশের সমন্বয়ে গঠিত সন্ত্রাসবিরোধী সামরিক জোটেরও সমালোচনা করা হয় বার্তায়। এতে বলা হয়, সৌদি জোট যদি সত্যিকারের ইসলামি জোট হতো, তাহলে তারা শিয়া ও ইহুদিদের বিরুদ্ধে ছাড়াও সিরীয় সেনাবাহিনী ও তাদের ‘রুশ প্রভুদের’ বিরুদ্ধে লড়াই করত। ইসরায়েলকে হুমকি দিয়ে বার্তায় বলা হয়, ‘আমরা তোমাদের ভুলিনি। প্রতি মুহূর্তে আমরা তোমার দিকে এগোচ্ছি।’