ইরাকের মসুলে মার্কিন সহায়তাপুষ্ট যৌথ বাহিনীর বিমান হামলায় ২০০ বেসামরিক লোক নিহত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘ ওই হতাহতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করছে ইরাকি বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এতে সহায়তা দিচ্ছে।
গত শনিবার মার্কিন বাহিনী এক বিবৃতিতে বলেছিল, মসুলের জাদিদেহ এলাকায় পরিচালিত এক বিমান হামলায় বেসামরিক লোক হতাহত হওয়ার অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
তবে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে ইরাকি বাহিনী অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেছে, ইরাকের সামরিক বাহিনীর বিশেষজ্ঞরা বিধ্বস্ত একটি বাড়ি পরিদর্শন করেছেন। সেখান থেকে ৬১টির মতো লাশ উদ্ধার করা হয়েছে। বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
অভিযোগ উঠেছে, মসুলের জাদিদেহ এলাকায় ওই হামলায় ২০০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদিকে গতকাল রোববারও ইরাকি বাহিনী মসুলে তাদের অভিযান অব্যাহত রেখেছে। সেখানে অবস্থানরত সাংবাদিকেরা জানিয়েছেন, এই বাহিনীর হেলিকপ্টার গানশিপগুলোকে অভিযানে অংশ নিতে দেখা গেছে। বেসামরিক লোকের বড় ধরনের প্রাণহানির খবরে সরকারি বাহিনী অভিযান কিছুটা ধীর করে দিয়েছিল।