বিমানটি কেন 'অদৃশ্য' হলো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ইজিপ্টএয়ারের একটি বিমান। ফাইল ছবি: এএফপি
মিসরের ইজিপ্টএয়ারের একটি বিমান। ফাইল ছবি: এএফপি

মিসরের ইজিপ্টএয়ারের যাত্রীবাহী বিমান অদৃশ্য হওয়ার পর জোর তদন্ত শুরু হয়েছে। তদন্তে বিমান অদৃশ্য হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ফ্রান্সের প্যারিস থেকে ৬৬ জন আরোহী নিয়ে মিসরের কায়রো যাওয়ার পথে গত বুধবার দিবাগত রাতে ভূমধ্যসাগরের ওপরে ফ্লাইট এমএস ৮০৪ অদৃশ্য হয়। বিমানটির আরোহীদের বেশির ভাগই ছিল মিসর ও ফ্রান্সের নাগরিক। এ ছাড়া যুক্তরাজ্যসহ অন্য দেশের নাগরিকও ছিল।

ফ্রান্স ও মিসরের কর্তৃপক্ষ বলছে, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে বিমানটি প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে আকাশে উড়ে যায়। মিসরের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে বিমানটির কায়রো পৌঁছানোর কথা ছিল। মিসরের সময় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মিসরের রাডার থেকে বিমানটি হারিয়ে যায়।

মিসর বলছে, বিমানটি রাডার থেকে কেন অদৃশ্য হয়েছে, সে সম্পর্কে এখনই কিছু বলা ঠিক হবে না। তবে কারিগরি ত্রুটির চেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে বিমানটির অদৃশ্য বা বিধ্বস্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

বিমান অদৃশ্য হওয়ার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্ত করতে দেশটির বিমান চলাচল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, সত্য বেরিয়ে আসার পরই বিমান অদৃশ্য হওয়ার কারণ সম্পর্কে উপসংহার টানা হবে। এটি নিছক দুর্ঘটনা না কি, সন্ত্রাসবাদ—সম্ভাব্য সব কারণই বিবেচনায় রাখা হয়েছে।

বিমান অদৃশ্য হওয়ার তদন্তে যুক্ত হতে তিনজন বিশেষজ্ঞকে পাঠিয়েছে ফ্রান্স।

গ্রিস জানিয়েছে, রাডারে দেখা গেছে, বিমানটি আচমকা দুটি বাঁক নিয়েছে। এরপর এটি সাগরে পড়ে যাওয়ার আগে ২৫ হাজার ফুটের বেশি নিচে নেমে আসে।

গ্রিসের বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, তাদের আকাশসীমায় প্রবেশের পর বিমানটির পাইলটের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তাদের কথা হয়েছে। তখন সবকিছুই স্বাভাবিক মনে হয়েছে। মিসরের আকাশসীমায় প্রবেশের আগে কায়রোর স্থানীয় সময় রাত দুইটা ২৭ মিনিটে বিমানটির পাইলটের সঙ্গে ফের যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু বারবার চেষ্টার পরও বিমান থেকে সাড়া মেলেনি। এর দুই মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

মিসরের অদৃশ্য বিমানের ধ্বংসাবশেষের খোঁজে সাগরে অনুসন্ধান চলছে। ছবিটি গতকাল বৃহস্পতিবারের ভিডিও থেকে নেওয়া। ছবি: রয়টার্স
মিসরের অদৃশ্য বিমানের ধ্বংসাবশেষের খোঁজে সাগরে অনুসন্ধান চলছে। ছবিটি গতকাল বৃহস্পতিবারের ভিডিও থেকে নেওয়া। ছবি: রয়টার্স

বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে ভূমধ্যসাগরে কারপাথোস দ্বীপের কাছে বড় ধরনের অনুসন্ধান তৎপরতা চলছে। অনুসন্ধানকাজে মিসর, গ্রিস, ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্ত হয়েছে। এখন পর্যন্ত বিমানের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

কারপাথোস দ্বীপের কাছে সাগরে কিছু ভাসমান লাইফ জ্যাকেট ও প্লাস্টিকসামগ্রী পাওয়ার কথা জানিয়েছিল গ্রিস। তবে দেশটির তদন্তকারীরা এখন বলছেন, ওই জিনিসগুলো অদৃশ্য হওয়া বিমানের নয়।

মিসরের বিমান চলাচল কর্তৃপক্ষও প্রাথমিকভাবে বলেছিল, সাগরে পাওয়া ধ্বংসাবশেষগুলো তাদের অদৃশ্য হওয়া বিমানেরই। কিন্তু পরে কর্তৃপক্ষ তাদের বিবৃতি প্রত্যাহার করে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাঁর দেশের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন।