বিমানটি পুরোপুরি ধ্বংস, সব আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার দুর্গম বনজঙ্গলে ভরা পাহাড়ি প্রদেশ পাপুয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটি পুরোপুরি ধ্বংস অবস্থায় পাওয়া গেছে। উড়োজাহাজে থাকা ৫৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল শেষ পর্যন্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষের কাছে পৌঁছায়। এরপর কর্মকর্তারা এসব তথ্য জানান বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়।
অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান বামবাং সোয়েলিস্তিও বলেন, ‘উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবকিছু টুকরো টুকরো হয়ে গেছে। উড়োজাহাজের অংশবিশেষ পুড়ে গেছে।’
ট্রিগানা এয়ারলাইনসের উড়োজাহাজটি গত রোববার বিধ্বস্ত হয়। পাপুয়ার রাজধানী জায়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। উড়োজাহাজটি একই প্রদেশের ওকসিবিলে যাচ্ছিল।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে খারাপ আবহাওয়াকে বিবেচনা করা হচ্ছে।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ৪৪ জন পূর্ণ বয়স্ক, পাঁচটি শিশু ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের আধঘণ্টা পরই উড়োজাহাজটি নিখোঁজ হয়।