আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে গত মঙ্গলবার সন্ধ্যায় তালেবান জঙ্গি হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আরও অনেককে জিম্মি করে রাখা হয়েছিল। বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সেখানে তুমুল লড়াই চলছিল। খবর বিবিসির।
হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, জিম্মি ব্যক্তিদের বাসায় ও একটি স্কুলের ভেতরে আটকে রাখা হয়েছে। তালেবান বলেছে, ‘শহীদ হতে উন্মুখ’ সদস্যরা ওই হামলায় অংশ নিয়েছে। তারা মঙ্গলবার সন্ধ্যায় কোনো বাধার সম্মুখীন হওয়া ছাড়াই বিমানবন্দর এলাকায় প্রবেশ করেছে ‘বিদেশি ভাড়াটে সেনাদের’ খতম করার জন্য। বিমানবন্দর চত্বরে আফগান ও ন্যাটো বাহিনীর সদর দপ্তর রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম খোপালওয়াক বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা বিমানবন্দর চত্বরের প্রথম ফটক গুঁড়িয়ে দিয়ে প্রবেশ করতে সক্ষম হয়। বেশ কয়েকজন হামলাকারী এই হামলায় অংশ নেয়।