বিমানের খোঁজে সাগরের তলদেশে তল্লাশি হবে

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত এয়ারএশিয়ার বিমান অনুসন্ধানে সাগরের তলদেশে অভিযান শুরু হবে। ফ্রান্সের একটি তদন্ত দল বিমানের ফ্লাইট রেকর্ডার ‘ব্ল্যাক বক্স’ শনাক্ত করতে অত্যাধুনিক শব্দ ধারণযন্ত্র ব্যবহার করবে।
এয়ারএশিয়ার এ৩২০-২০০ নামের বিমানটি গত রোববার ১৬২ জন যাত্রী নিয়ে পূর্ব জাভার সুরাবায়ার জুয়ান্দা বিমানবন্দর থেকে জাভা সাগরের ওপর দিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। বিমানটিতে সাতজন ক্রু ও ১৫৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৩৮ জন প্রাপ্তবয়স্ক ও ১৬ শিশু ছিল।
নিখোঁজ যাত্রীদের মধ্যে ১৪৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক। বাকি ছয় যাত্রীর তিনজন কোরিয়ার নাগরিক। এ ছাড়া মালয়েশিয়া, ব্রিটেন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক ছিলেন।
বিমান বিধ্বস্ত হওয়ার পর এখনো জীবিত কাউকে পাওয়া যায়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় বেশ কয়েকবার উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
উদ্ধার হওয়া লাশের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি বিমানের যাত্রী ছিলেন। তাঁর নাম হায়াতি লুৎফিয়া হামিদ।