বিমানের পেছনের অংশ উদ্ধার হলেও ব্ল্যাকবক্স মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের পেছনের অংশ (টেইল) গতকাল শনিবার ভাসমান বেলুন ব্যবহার করে সাগরের তলা থেকে তোলা হয়েছে। তবে প্রত্যাশামতো ওই অংশে ব্ল্যাকবক্স পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার উদ্ধারকাজ-সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র মানাহান সিমোরাঙকির বলেন, ‘আমরা টেইলের অংশটি জাহাজে তুলেছি। সেখানে এয়ারএশিয়ার লাল এবং সাদা প্রতীকের একটি বড় অংশ দেখা যায়।’
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার একজন পরিচালক ও বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জনসন সুপ্রিয়াদি বলেন, উড়োজাহাজের পেছনের ওই অংশটি থেকে ব্ল্যাকবক্সটি সম্ভবত আলাদা হয়ে গেছে।
গত বুধবার জাভা সাগরে ৩০ মিটার পানির নিচে বিধ্বস্ত উড়োজাহাজটির কাঠামোর শেষ অংশের সন্ধান পাওয়ার কথা ঘোষণা দেওয়া হয়। টেইল বা পুচ্ছ হিসেবে পরিচিত উড়োজাহাজের শেষ অংশেই ব্ল্যাকবক্স থাকে। গত শুক্রবার ব্ল্যাকবক্সটি থেকে সংকেত শনাক্ত করার কথা জানানো হয়। কিন্তু গতকাল পেছনের অংশটি ওপরে তোলা হলেও তাতে ব্ল্যাকবক্স পাওয়া যায়নি। ব্ল্যাকবক্সে ফ্লাইট-সম্পর্কিত তথ্য রেকর্ড থাকে বলে সেটি উদ্ধার করতে পারলে উড়োজাহাজটি কেন বিধ্বস্ত হয়েছে, তার কারণ জানা সম্ভব হওয়ার কথা।
উড়োজাহাজ দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়ার জন্য ব্ল্যাকবক্স এমনভাবে তৈরি করা হয়ে থাকে, যাতে সেটি ৩০ দিন পর্যন্ত সংকেত দিতে পারে।
এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ গত ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে নিখোঁজ হয়। কয়েক দিন পর বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে এর ধ্বংসাবশেষের প্রথম কিছু অংশ ও কয়েকটি লাশের খোঁজ মেলে। প্রতিকূল আবহাওয়ার কারণে জাভা সাগরে অনুসন্ধানের কাজ বারবার ব্যাহত হয়। এ পর্যন্ত ৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটির মূল কাঠামোর মধ্যে অনেক মৃতদেহ আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।