বিরোধপূর্ণ দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় অবস্থিত উডি বা ইয়ংজিং দ্বীপের সানশা এলাকার দৃশ্য। এ দ্বীপেই চীন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে দাবি করা হয়েছে। ২০১২ সালের ২৭ জুলাই তোলা ছবি l এএফপি
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় অবস্থিত উডি বা ইয়ংজিং দ্বীপের সানশা এলাকার দৃশ্য। এ দ্বীপেই চীন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে দাবি করা হয়েছে। ২০১২ সালের ২৭ জুলাই তোলা ছবি l এএফপি

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় থাকা একটি দ্বীপে দৃশ্যত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। গত ১৪ ফেব্রুয়ারি কৃত্রিম উপগ্রহে তোলা বিতর্কিত ওই দ্বীপের কিছু ছবি প্রকাশ করে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ। তবে চীন এ তথ্যকে পশ্চিমা গণমাধ্যমের সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছে। খবর বিবিসির।
ফক্স নিউজ এ প্রচারিত ছবিগুলোতে প্যারাসেল দ্বীপপুঞ্জের উডি বা ইয়ংজিং দ্বীপে আটটি ক্ষেপণাস্ত্র লঞ্চারের দুটি ব্যাটারি ও একটি রাডারের উপস্থিতি দেখা যায় বলে খবরে বলা হয়।
এই জলসীমার বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়া অন্যতম দেশ তাইওয়ান চীনা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ খবরের সত্যতা নাকচ করে দিয়ে একে গণমাধ্যমের সৃষ্টি বলে দাবি করেছেন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ক্ষেপণাস্ত্রগুলো সামরিক ও বেসামরিক বিমানে আঘাত হানতে সক্ষম।
চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তাও। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো চীনের এইচকিউ-৯ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। এগুলোর পাল্লা হতে পারে প্রায় ২০০ কিলোমিটার।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েন-সংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র। তবে এসবের ওপর ‘ঘনিষ্ঠ নজরদারি’ রাখা হবে।
এসব খবরের জবাবে বেইজিংয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘এসব ছড়ানোর বদলে গণমাধ্যমের উচিত দক্ষিণ চীন সাগরে বাতিঘর নির্মাণের খবর প্রকাশে জোর দেওয়া। কেননা, সেখানে যেসব বাতিঘর নির্মাণ করা হয়েছে সেগুলো নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য খুবই উপকারী।’
উডি বা ইয়ংজিং দ্বীপের সাম্প্রতিকতম ছবিগুলো ধারণ করেছে ইমেজস্যাট ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কৃত্রিম উপগ্রহে তোলা ছবিতে দেখা যায়, দ্বীপটির সাগরসৈকত-সংলগ্ন অংশে দুটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করা হয়েছে। সেগুলোর প্রতিটি চারটি লঞ্চার ও নিয়ন্ত্রণযানযুক্ত। গত ৩ ফেব্রুয়ারি তোলা ওই দ্বীপটিরই একটি ছবিতে সৈকতের ওই অংশ শূন্য দেখা গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দুই দিনের এক বৈঠক শেষ হওয়ার পর এ খবর বের হলো। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ তথা সার্বিকভাবে আঞ্চলিক শক্তি চীনের প্রভাব মোকাবিলা করার বিষয়টি ছিল ওই বৈঠকের অন্যতম আলোচ্য। প্রেসিডেন্ট বারাক ওবামা এ ব্যাপারে বলেন, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় সাগর ভরাট করে আরও কৃত্রিম দ্বীপ তৈরি, নতুন স্থাপনা নির্মাণ ও সামরিকীকরণের পদক্ষেপ বন্ধ করাসহ উত্তেজনা নিরসনে ‘বাস্তব পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
দক্ষিণ ও পূর্ব চীন সাগরের অধিকাংশ অঞ্চল নিজের বলে দাবি করে থাকে চীন। সেখানকার একাধিক দ্বীপের মালিকানা নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনেই, মালয়েশিয়া ও তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে কয়েক শতাব্দী ধরে চীনের বিরোধ চলছে।
যুক্তরাষ্ট্র তার নিজের ও আঞ্চলিক মিত্রদের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ রক্ষার কথা বলে বিরোধপূর্ণ ওই সাগর অঞ্চলে উপস্থিতি জোরদার করায় চীনের সঙ্গে তার টানাপোড়েন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে একাধিকবার সেখানে যুদ্ধজাহাজ পাঠানো ছাড়াও আকাশে গোয়েন্দা ও বোমারু বিমানের টহল দিয়েছে। প্রতিক্রিয়ায় বেইজিং একে ‘অবৈধ’ তৎপরতা ও চীনের ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’ বলে আখ্যায়িত করেছে।