বিরোধীদের দমনেই চীনে নতুন সন্ত্রাসবিরোধী আইন?
ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার হুমকির বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়ে একটি নতুন বিতর্কিত সন্ত্রাস দমন আইন পাস করেছে চীন। এটি ভিন্নমতাবলম্বী ও স্বাধীনতাকামী সংখ্যালঘু মুসলিম উইঘুরদের দমন করতেই প্রণয়ন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।
গত রোববার চীনের পার্লামেন্টে নতুন আইনটি পাস হয়। বিস্তৃত পরিসরের এ আইনে সন্ত্রাস দমনে একটি নতুন সংস্থা গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়ার বিধান রাখা হয়েছে।
সরকারের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে চীনের জিনজিয়াং প্রদেশের ‘বিচ্ছিন্নতাবাদী’ মুসলিম উইঘুর সম্প্রদায় বেশ কিছু প্রকাশ্য হামলা চালিয়েছে।
চীনের জননিরাপত্তা-বিষয়ক মন্ত্রণালয়ের দাবি, নতুন ওই আইনে দেশটিতে সন্ত্রাস দমনে একটি একক সংস্থা থাকবে। এর দায়িত্ব হবে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা। এ ছাড়া দেশব্যাপী সন্ত্রাসবিরোধী তৎপরতার সমন্বয় করাও এ আইনের অন্যতম লক্ষ্য।
গত মার্চে আইনটির খসড়া প্রস্তুতের সময় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা-সংশ্লিষ্ট বৃহত্তর অভিযোগে বিচারের সম্মুখীন হওয়া থেকে ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারের সমালোচকদের সুরক্ষার কোনো ব্যবস্থা এই আইনে রাখা হয়নি।
আরেক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, আইনটি আন্তর্জাতিক মানসম্পন্ন নয় এবং সন্ত্রাস দমনে গঠিত নতুন সংস্থা আইনটির আওতায় অবাধ ক্ষমতা পাবে।
তবে সরকার এসব অভিযোগের বিপরীতে বলছে, আইনটি নিঃসন্দেহে কঠোর ব্যবস্থা-সংবলিত। তবে তা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের পরিবর্তে সন্ত্রাস দমনের লক্ষ্যেই (পশ্চিমা দেশের গ্রহণ করা ব্যবস্থার আদলে) তৈরি।
আইনটির আওতায় কর্তৃপক্ষ মানুষের ব্যক্তিগত যোগাযোগের ওপর নজরদারিতে আরও ক্ষমতা পাবে।
আইনের উল্লেখযোগ্য কিছু দিক:
অনুমোদিত সংবাদমাধ্যম ছাড়া কোনো অনলাইন বা মুদ্রিত সংবাদপত্র সন্ত্রাসী হামলা বা এ-সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারবে না।
ভুয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা নিয়ে গালগল্প ছড়ানোর কারণে এখন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রচার করা নিষিদ্ধ থাকবে। বন্দুক বা ছুরি-সজ্জিত হামলাকারীদের মুখোমুখি হওয়ার মতো জরুরি পরিস্থিতিতে পুলিশ এখন থেকে সরাসরি অস্ত্র ব্যবহার করতে পারবে।