
স্বাধীন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা রাষ্ট্রনায়ক লি কুয়ান ইউ। অনেকের কাছে পরিচিত ছিলেন সংক্ষেপে ‘এলকেওয়াই’ নামে। ক্ষুদ্র অখ্যাত ব্রিটিশ উপনিবেশ সিঙ্গাপুরকে তিনি বিশ্ববাণিজ্য ও অর্থনীতির এক কেন্দ্রস্থলে রূপান্তরিত করেন।সিঙ্গাপুরের রাজনীতিতে অর্ধশতাব্দী ধরে কার্যত রাজত্ব করেন লি কুয়ান ইউ। ২০০৯ সালের অক্টোবরে হোয়াইট হাউসে লির সঙ্গে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে এশিয়ার বিশ ও একুশ শতকের কিংবদন্তি নেতাদের একজন বলে বর্ণনা করেন।
আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যামে সিঙ্গাপুরের গড় আয় ১০০ গুণ বাড়ানোর পথ দেখান কেমব্রিজে আইন পড়া লি কুয়ান। তবে একই সঙ্গে স্বৈরতান্ত্রিক শাসনের জন্য সমালোচিত হয়েছেন। বিরোধী দলের অনেক নেতাকে তিনি নির্বাসনে যেতে বাধ্য করেন এবং মামলা দেওয়াসহ বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া করেন।
রাজনৈতিক জীবনে লি কুয়ান ৩০ বছর প্রধানমন্ত্রী এবং ২০ বছর সরকারের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তাঁর স্ত্রী মারা যান। এরপর অসুস্থ হয়ে পড়েন লি।
লি কুয়ান ইউয়ের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী লি সিন লুং। তাঁর মাধ্যমে এখনো সরকারের নীতিনির্ধারণে ব্যাপক প্রভাব অব্যাহত রয়েছে লি কুয়ানের। সিঙ্গাপুরে অনেক দিন তাঁর অভাব অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে।
১৯৫৯ সালে স্বাধীন হওয়ার পরই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন লি কুয়ান। স্মৃতিকথায় তিনি লিখেছেন, ‘আমাদের বেঁচে থাকার অভাবনীয় সুযোগের সঙ্গে তীব্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হয়েছে। উপকূলীয় অঞ্চল ছাড়া একটি দ্বীপের উত্তরাধিকারী হয়েছি আমরা, যা দেহছাড়া হৃদয়ের মতো।’
দায়িত্ব গ্রহণের পর সিঙ্গাপুরকে লি কুয়ান ক্রমশ এক আন্তর্জাতিক রাজধানীতে পরিণত করেন। এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ, নিরাপদ ও স্থিতিশীল সমাজে পরিণত হয় সিঙ্গাপুর। জনশক্তি ঘাটতি পূরণ করতে দক্ষভাবে বিদেশি শ্রমিক ব্যবহার করেন তিনি। স্বৈরতান্ত্রিক শাসনের জন্য সমালোচনা সত্ত্বেও উন্নয়নের মডেল হিসেবে তিনি দেশে ব্যাপকভাবে প্রশংসিত। বিশেষ করে ব্রিটিশ উপনিবেশবাদ থেকে মুক্ত হওয়া অন্য দেশগুলো যখন সংঘাত ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় আক্রান্ত, তখন লি কুয়ান সিঙ্গাপুরের ব্যাপক উন্নতি ঘটান।
দূরদর্শী লি দৃশ্যত অনেক আগেই বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থান ঘটবে বলে বুঝতে পেরেছিলেন। বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন তিনি। এর ফলে সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা চীনের বিশাল বাজারে ঈর্ষণীয় প্রবেশাধিকার লাভ করেন।
১৯২৩ সালের ১৬ সেপ্টেম্বর লি কুয়ানের জন্ম। তখন তাঁর বাবার বয়স ছিল ২০ বছর। লি কুয়ান নিজেকে ‘ধনী বাবার ছেলে, যেখানে নিজেকে দেখানোর খুব অল্প কিছুই রয়েছে’ বলে বর্ণনা করেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন অজেয়—এমন ধারণার মধ্যেই বেড়ে ওঠেন তিনি। তবে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ধারণা ধূলিসাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী খুব সহজেই ব্রিটিশ বাহিনীকে হারিয়ে সিঙ্গাপুর দখল করে নিলে প্রচণ্ড ধাক্কা খান লি কুয়ান।
জাপানের দখলদারিত্ব নিয়ে লি কুয়ান স্মৃতিকথায় লিখেছেন, ‘ওই ঘটনাটি ছিল আমার জীবনে সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা। সাড়ে তিন বছর ধরে শক্তির অর্থ কী, তা আমি উপলব্ধি করেছি।’ সূত্র: এএফপি।