বিশকেকে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলা
মধ্য এশীয় দেশ কিরগিজস্তানের চীনা দূতাবাসে গতকাল মঙ্গলবার আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। রাজধানী বিশকেকে এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে।
কিরগিজস্তানের উপপ্রধানমন্ত্রী জেনিশ রাজাকভ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, গাড়িবোমা বিস্ফোরণে শুধু হামলাকারীই নিহত হয়েছে। এ ছাড়া দূতাবাসের তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহত নিরাপত্তারক্ষীদের সবাই স্থানীয়।
পুলিশের একটি সূত্র জানায়, গতকাল সকালে একটি মিৎসুবিশি গাড়ি দূতাবাসের ফটক ভেঙে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থলের কাছেই চীনা রাষ্ট্রদূতের বাসভবন। পুলিশের ওই সূত্র এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেন। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা করে একে ‘প্রচণ্ড ও ভয়ানক’ ঘটনা বললেও তা সন্ত্রাসবাদীদের তৎপরতা বলে দাবি করেনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সাংবাদিকদের বলেন, ‘আমরা কিরগিজ সরকারকে এই হামলার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য বলেছি।’
স্থানীয় প্রশাসনের এক সূত্র জানায়, আত্মঘাতী হামলাকারীর শরীরের কিছু অংশ বিস্ফোরণস্থলের কয়েক শ গজ দূরে পাওয়া যায়। কাছের বাসিন্দারা জানান, বোমা বিস্ফোরণে তাঁদের বাড়িঘর কেঁপে ওঠে এবং জানালার কাচ ভেঙে যায়।
চীনা দূতাবাসে হামলার পরপরই কাছাকাছি অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়।
কিরগিজ সরকার প্রায় নিয়মিত দেশটিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলা পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়ার দাবি করে। সরকারি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি থেকে প্রায় ৫০০ লোক আইএসে যোগ দিয়ে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করছে।