বিশাল প্রাসাদ থেকে নির্জন কারাকক্ষে?

দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হে আদালতের রায় সাপেক্ষে এ সপ্তাহেই গ্রেপ্তার হতে পারেন। আর গ্রেপ্তার হলে তাঁকে রাখা হবে কারাগারের নির্জন সেলে। আর সেখানে সাধারণ বিচারাধীন আসামিদের চেয়ে তেমন কোনো সুবিধাই তিনি পাবেন না।
কাল শুক্রবার গিউন-হের গ্রেপ্তারের বিষয়ে আদেশ দেবেন আদালত। গ্রেপ্তার আবেদন মঞ্জুর হলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিন আটক রাখা হবে। অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড হবে।
নির্জন সেলে গেলে পার্ক গিউন-হেকে সকাল সাড়ে ছয়টার মধ্যে উঠতে হবে এবং রাত নয়টার মধ্যে ঘুমাতে যেতে হবে। সাবেক প্রসিকিউটররা বলছেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে সামান্য বাড়তি সুবিধা পেতে পারেন গিউন-হে। তাঁর জন্য নির্ধারিত কারাকক্ষটি অন্যগুলোর তুলনায় সামান্য বড় হবে। শৌচাগার ও স্নানের জায়গা সেলের মধ্যেই না হয়ে থাকবে পাশের আলাদা কক্ষে। সাধারণ বন্দীদের কারাকক্ষ হয় ৭১ বর্গফুটের। গিউন-হের কক্ষ এগুলোর তুলনায় বড় হবে।
তবে সাবেক প্রসিকিউটর কিম ইউং-সুন বলেন, নির্জন কারাবাসের কক্ষটি একটু বড় হলেও বাকি সব সুবিধা একই রকম থাকবে। অর্থাৎ সাবেক প্রেসিডেন্টকে অন্য বন্দীদের মতোই জীবনযাপন করতে হবে। একই সময় ঘুম থেকে উঠতে হবে। একই খাবার খেতে হবে।
সাংবিধানিক আদালত পার্ক গিউন-হেকে বরখাস্ত করার পর তিনি প্রেসিডেন্টের বিশাল বাসভবন ব্লু হাউস ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নিজের ব্যক্তিগত বাড়িতে উঠেছেন।
পার্ক গিউন-হের ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিল ক্ষমতার অপব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ ওঠার পর সংকটের সূচনা হয়। চোই সুন-সিল কোনো সরকারি পদে না থাকলেও ব্যাপক প্রভাবের অধিকারী ছিলেন বলে মনে করা হয়।
লাখো ক্ষুব্ধ মানুষ পার্ক গিউন-হের পদত্যাগের দাবিতে দিনের পর দিন রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে। এর ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বরে পার্লামেন্ট প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে অভিশংসনের পক্ষে রায় দেয়।