সৌদি আরবে ২০টি দেশের বিশাল যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে আয়োজিত ‘উত্তরের গর্জন’ নামের এই মহড়াকে বিশ্বের সবচেয়ে বড় সামরিক মহড়াগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। গত শনিবার থেকে শুরু হওয়া এ মহড়ায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর পাশাপাশি রয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, মিসর, মরক্কো, জর্ডান ও সুদান। এসপিএর খবরে বলা হয়, বিভিন্ন ‘সন্ত্রাসী গ্রুপে’র হুমকি মোকাবিলা করতে প্রশিক্ষণের মানোন্নয়ন এই মহড়ার প্রধান লক্ষ্য। মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সৌদি আরব সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এ ছাড়া দেশটি গত ডিসেম্বরে মুসলিম দেশগুলোতে ‘সন্ত্রাসবাদ’ রুখতে ৩৫ দেশের জোট গঠন করে। গত বছরের মার্চ থেকে ইয়েমেনে ইরান-সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানেও নেতৃত্ব দিচ্ছে রিয়াদ।
এএফপি