বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনায় জি-২০ নেতারা
চীনের হাংচৌতে শুরু হয়েছে জি-২০ বার্ষিক সম্মেলন। প্রথমবারের মতো চীনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির এই সম্মেলন। আজ রোববার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করতে কী নীতি নেওয়া প্রয়োজন, তা উঠে আসে প্রথম দিনের আলোচনায়। এ ছাড়া স্টিল-শিল্প এবং বহুজাতিক কর সমস্যা নিয়ে আলোচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। খবর বিবিসির
শুরুতেই বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ২০ অর্থনীতির ভূমিকা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। যেমন অর্থায়ন, বাণিজ্য ও বিনিয়োগ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কোনো সম্মেলনে অংশ নিয়েছেন থেরেসা মে। এ ছাড়া প্রেসিডেন্ট হিসেবে এ সম্মেলনে যোগ দিয়ে শেষ রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিন বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়াও বিশ্ব স্টিল উৎপাদনে চীনের ভূমিকার বিষয়টি নিয়ে আলোচনা করে ইউরোপীয় ইউনিয়ন। অধিক হারে সস্তা স্টিল উৎপাদন করছে চীন, যার ফলে ইউরোপের স্টিল-শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুংকার। তিনি বলেন, চীনকে অবশ্যই তাদের অধিক উৎপাদনে যাওয়ার কারণ বলতে হবে। এটা একবারেই গ্রহণযোগ্য নয়। তাদের অধিক উৎপাদনের কারণে কয়েক বছর ধরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপরে স্টিল-শিল্প। চাকরিচ্যুত করা হচ্ছে বহু শ্রমিককে। এ ছাড়া আয়ারল্যান্ডে অ্যাপলের কর ব্যবস্থাপনার বিষয়টি উঠে আসে আলোচনায়।
জি-২০ সম্মেলন শুরু হওয়ার এক দিন আগে বিশ্ব প্রবৃদ্ধি পূর্বাভাস আবারও কমানোর ইঙ্গিত দেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে। এর আগে জুলাইতে বিশ্ব প্রবৃদ্ধি পূর্বাভাস কমায় সংস্থাটি। তাঁরা জানান, চলতি বছর বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) গড় প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ১ শতাংশ হতে পারে।