বিশ্বে সবচেয়ে বেশি ফাঁসি দেওয়া হয় চীনে
বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চীনে। ২০১৬ সালের তথ্য নিয়ে তৈরি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
অ্যামনেস্টির ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, বিশ্বে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে মৃত্যুদণ্ডের হার ৩৭ শতাংশ কমেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে ১ হাজার ৬৩৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৬ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জনে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইরান ও পাকিস্তানে মৃত্যুদণ্ডের হার কমে যাওয়া। তবে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় চীনে। বিশ্বের সব দেশ মিলে যত মৃত্যুদণ্ড কার্যকর করে; তার চেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চীনে। তবে সেই সংখ্যা অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় এ সংখ্যা উল্লেখ করা হয়নি বলে বলা হয়েছে।
অ্যামনেস্টি জানায়, মৃত্যুদণ্ড কার্যকর করা শীর্ষ পাঁচ দেশের তালিকা থেকে ২০০৬ সালের পর এই প্রথমবারের মতো বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্র। আর মৃত্যুদণ্ডের সংখ্যা কমে গেলেও চীন, সৌদি আরব ও ইরাকের সঙ্গে এ তালিকায় ঢুকে পড়েছে ইরান ও পাকিস্তানের নাম।
২০১৫ সালে পাকিস্তানে ৩২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরের বছর অর্থাৎ ২০১৬ সালে এ সংখ্যা অন্তত ৮৭ জন কমে যায়। পেশোয়ারে একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির কারণে ২০১৫ সালে দেশটিতে মৃত্যুদণ্ডের হার সবচেয়ে বেশি ছিল বলে জানানো হয়।