বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজের সফল উড্ডয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে তৈরি এজি ৬০০ বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ। ছবি: রয়টার্স
চীনে তৈরি এজি ৬০০ বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ। ছবি: রয়টার্স

চীনে বিশ্বের সবচেয়ে বৃহত্তম উভচর (জল ও স্থল থেকে উড্ডয়নে সক্ষম) উড়োজাহাজ এজি-৬০০-এর প্রথম ফ্লাইট সফল হয়েছে। উড়োজাহাজটির আকার প্রায় বোয়িং ৭৩৭-এর সমান।

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের ঝুহাই বিমানবন্দর থেকে উভচর উড়োজাহাজটি উড্ডয়ন করে। ৫০ যাত্রী বহনে সক্ষম এই উড়োজাহাজটি টানা ১২ ঘণ্টা উড়তে পারে।

অগ্নিনির্বাপণ এবং সমুদ্রে উদ্ধার তৎপরতার কাজই কেবল নয়, সামরিক নানা কাজে উড়োজাহাজটি ব্যবহৃত হবে। উড়োজাহাজটি বিতর্কিত দক্ষিণ চীন সাগর অঞ্চলেও ব্যবহার করা হতে পারে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে উড়োজাহাজটিকে ‘সাগর ও দ্বীপের রক্ষক’ বলে বর্ণনা করা হয়েছে। উড়োজাহাজটির প্রথম ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের দৃশ্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। পতাকা নাড়িয়ে ও রণসংগীতের মাধ্যমে উড়োজাহাজটিকে স্বাগত জানানো হয়।

আট বছর ধরে উড়োজাহাজটি তৈরি করা হয়। উড়োজাহাজটির সর্বোচ্চ ধারণক্ষমতা ৫৩ দশমিক ৫ টন। চীনের ভেতরেই এই উড়োজাহাজের ১৭টি ক্রয় আদেশ রয়েছে।