বিষাক্ত ক্যান্ডি খেয়ে অসুস্থ ২০০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে ‘বিষাক্ত’ ক্যান্ডি খেয়ে প্রায় দুই হাজার লোক অসুস্থ হয়ে পড়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানিয়ে বলেছে, বিষক্রিয়ার কারণ উদ্ঘাটনে তারা কাজ করছে। খবর এএফপি।
ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র লিন্ডন লি সুই বলেন, দেশের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে ফলের সুগন্ধযুক্ত ক্যান্ডি খেয়ে অন্তত এক হাজার ৯২৫ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের অধিকাংশই স্কুলশিশু। ৬৬ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিন্ডন বলেন, স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা ঘটনা তদন্ত করছেন ও বিষক্রিয়ার সম্ভাব্য কারণ নির্ণয়ের চেষ্টা চালাচ্ছেন। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে বা কোনো অপব্যবহারজনিত কারণে ঘটে থাকতে পারে।
ক্যান্ডিগুলো বিভিন্ন স্কুলের বাইরে বিক্রি করা হয়। এ ঘটনার পর পুলিশ নয়জন ভ্রাম্যমাণ দোকানিকে গ্রেপ্তার করেছে।