বিষাক্ত জীবাণুনাশকের জন্য দক্ষিণ কোরিয়ায় কর্মকর্তার কারাদণ্ড
শ খানেক লোকের মৃত্যুর সঙ্গে যুক্ত একটি বিষাক্ত জীবাণুনাশক বিপণনে যুক্ত থাকার দায়ে দক্ষিণ কোরিয়ার এক নির্বাহীর সাত বছরের কারাদণ্ড হয়েছে। তিনি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেকিট বেনকিজারের দক্ষিণ কোরীয় কার্যক্রমের একজন সাবেক কর্মকর্তা।
শিন হিউন-উ নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্ঘটনাজনিত নরহত্যা এবং প্রাণঘাতী পণ্যটির মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ আনা হয়েছিল। সর্বোচ্চ সাত বছরই দণ্ড দেওয়ার ক্ষমতা ছিল সংশ্লিষ্ট আদালতটির।
রেকিট বেনকিজারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মামলায় দায়ী হওয়ার অভিযোগ তোলা হয়। লট্টে মার্ট, হোমপ্লাস ও আরও কয়েকটি খুচরা পণ্যবিক্রেতা জীবাণুনাশকটি বিক্রির জন্য দোষী সাব্যস্ত হয়েছে। ঘরের আর্দ্রতা বজায় রাখার যন্ত্রে ওই জীবাণুনাশক ব্যবহার করা হয়েছিল। অনেক মানুষের ফুসফুসের সমস্যার সঙ্গে ওই জীবাণুনাশকের যোগসূত্র আছে—দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা ২০১১ সালে এ কথা বলার পর পণ্যটি বাজার থেকে তুলে নেওয়া হয়।
রেকিট বেনকিজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছিল। এ ছাড়া তারা হতাহত ও তাদের পরিবারের জন্য বেশ কয়েক লাখ ডলারের মানবিক সহায়তা তহবিল গঠন করে।