বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিত শহরের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় দুই হামলাকারীসহ ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু।

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে তিকরিত শহরের হাজাজ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে দুজন হামলাকারী দুটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের দুই সদস্য এ হামলা চালিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে এক ব্যক্তি নাচছিল। হঠাৎ করেই তিনি পোশাকের ভেতর থেকে আত্মঘাতী একটি বোমার বিস্ফোরণ ঘটান। এ সময় হতাহত ব্যক্তিদের সাহায্য করতে অনেক মানুষ এগিয়ে যাওয়া মাত্র ভিড়ের মধ্য থেকে একজন আরেকটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকারের একজন মুখপাত্র বলেন, আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, যে পরিবারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাঁরা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে হাজাজ গ্রামে এসে বসতি স্থাপন করেন।