বিয়ে বাড়িতে ঝগড়া, পাল্টাপাল্টি গুলিতে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের দেহ্ সালেহ জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ঝগড়া বাধার পর দুই পক্ষের পাল্টাপাল্টি গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ১০ জন।

গতকাল রোববার এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
জেলার পুলিশ প্রধান গুলিস্তান কুসানি বলেন, অনুষ্ঠানে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে অস্ত্রধারী কয়েকজন গোলাগুলি শুরু করে। নিহতদের মধ্যে ১৪ থেকে ৬০ বছর বয়সীরা রয়েছে। তাঁর দাবি, বাগ্‌বিতণ্ডা থামাতে স্থানীয় একজন নিরাপত্তা কর্মী প্রথমে ফাঁকা গুলি চালায়। এর পরপরই বিয়ে বাড়িতে দুই পক্ষ গোলাগুলি শুরু করে। এ ঘটনায় ২১ জন নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।

বাঘলানের গভর্নর সুলতান মোহাম্মদ এবাদী জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।