বিয়েতে আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিত শহরের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় দুই হামলাকারীসহ ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু। গতকাল বুধবার রাতে তিকরিত শহরের কাছে হেজাজ গ্রামের ওই বিয়ের অনুষ্ঠানে দুজন হামলাকারী দুটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের দুই সদস্য এ কাজ করেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে এক ব্যক্তি আনন্দ প্রকাশ করে নাচছিলেন। হঠাৎ করেই তিনি পোশাকের ভেতরে লুকানো বোমার বিস্ফোরণ ঘটান। পরে ভিড়ের মধ্য থেকে একজন আরেকটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
বিবিসি