বিয়ের ছবি প্রকাশ করায় বিবাহবিচ্ছেদ!
বিয়ের আগেই বর কনেকে শর্ত দিয়েছিলেন, বিয়ের ছবি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। কনে সেটা মেনেও নিয়েছিলেন। তবে বিয়ের পর সেটা আর মনে রাখেননি। বিয়ের ছবি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে। আর তাতেই খেপে গিয়ে বিয়ের দুই ঘণ্টার মাথায় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটালেন ওই স্বামী।
ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। খালিজ টাইমসের বরাত দিয়ে পিটিআই মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
নববধূর ভাই সৌদি আরবের একটি পত্রিকাকে বলেছেন, বিয়ের আগে তাঁর বোন ও হবু স্বামীর মধ্যে একটি সমঝোতা হয়। ওই সমঝোতা অনুযায়ী, তাঁর বোন স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম বা টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট বা কারও কাছে পাঠাতে পারবেন না। বিয়ের কাবিনের মধ্যেও বিষয়টি উল্লেখ ছিল। ফলে এটি মানার একটি বাধ্যবাধকতা ছিল। তবে তাঁর বোন সেটি মানেননি। বিয়ের অনুষ্ঠানস্থল থেকেই বোন তাঁর বান্ধবীদের কাছে স্ন্যাপচ্যাটে করে ছবি পাঠাচ্ছিলেন। এ আচরণ তাঁর বোনের স্বামীকে আহত করে। এ কারণে তিনি বিবাহবিচ্ছেদ ঘটান।