বিয়ের জন্য পাচার
প্রথমে ভালো চাকরির প্রলোভন দেখানো হয়। তারপর এই টোপ গিলে সীমান্তের ওপারে গেলেই ফাঁদ। তা হচ্ছে অচেনা এক ভিনদেশি পুরুষকে বিয়ে করে তার সংসার করা।
মিয়ানমারের হতদরিদ্র তরুণীদের এভাবেই চীনে পাচার করা হচ্ছে, যা এর মধ্যে যৌন পাচার হিসেবে সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
গত এপ্রিলে ২২ বছরের তরুণী কি পিয়ার সু তাঁর এলাকা থেকে হারিয়ে যান। মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে এক ঘণ্টার দূরত্বে হেলায়িং থার ইয়ার শহরতলিতে বাঁশের তৈরি জীর্ণ কুটিরে সপরিবারে বাস করতেন তিনি। তাঁর বাবা মিয়া সু বলেন, বোনের সঙ্গে ঝগড়া করার সময় তাঁর মা তাঁকে থামতে বলেছিলেন, কিন্তু কাজ হয়নি। অভিমান করে বাড়ি ছাড়েন তিনি। বাবা জানতেন না, তাঁর মেয়ে ভালো কাজ পাওয়ার আশ্বাসে এক নারীর সঙ্গে চীনের পথে যাত্রা করেছেন। মাসে ২১০ ডলার বেতনে গৃহকর্মীর কাজ দেওয়ার হবে বলে লোভ দেখানো হয়। নিজ দেশে তাঁরা যা আয় করেন, এই অর্থ কয়েক গুণ বেশি। দালালেরা এসব তরুণীকে পটিয়ে চীনে পাচার করে।
নাম প্রকাশ না করার শর্তে ওই শহরতলির একজন পুলিশ কর্মকর্তা জানান, একবার চীনের মাটিতে পা দিলে এসব খুব সহজভাবে হয়ে যায়। প্রথমে তাঁদের চীনা কোনো নারীর বাসায় তোলা হয়। ওই নারী কয়েকজন চীনা পুরুষ এনে মিয়ানমার থেকে নিয়ে আসা ওই তরুণীদের দেখান। তাঁদের জানানো হয়, এঁদের মধ্য থেকে জীবনসঙ্গীকে বাছাই করতে হবে।
বলা হচ্ছে, চীন সরকারের ‘এক সন্তান নীতি’ গ্রহণের ফলে সে দেশে নারী-পুরুষের সংখ্যায় ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। এ কারণে বিয়ের জন্য চীনে মিয়ানমারের মেয়েদের বেশ কদর রয়েছে।
সামরিক জান্তার থাবা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সংস্কারের জন্য সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মহলে মিয়ানমার প্রশংসিত হয়েছে। মানবাধিকারের প্রতিভূ হিসেবে খ্যাত অং সান সু চির নেতৃত্বে সে পথ আরও বিস্তৃত হয়েছে বলে ধরা হয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বিশ্বে মানব পাচারের অন্যতম খারাপ দেশ হিসেবে মিয়ানমারকে চিহ্নিত করার পর দেশটির উঠতি গণতন্ত্র কূটনৈতিক হুমকির মধ্য পড়েছে। বলা হচ্ছে, সরকার মানব পাচার রোধে ন্যূনতম মানও বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। বার্ষিক প্রতিবেদনে মানব পাচারে দেশটিকে সর্বনিম্ন ধাপ ‘টাইয়ার ৩’-এ নামিয়ে দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, চীনে পাচার হওয়া মিয়ানমারের তরুণীদের জোর করে যৌনকর্ম বা চীনা পুরুষকে বিয়ে করে বাড়ির কাজকর্ম করতে বাধ্য করা হয়। অথচ মানব পাচারের এই রূপকে সরকার সেভাবে দুষ্কর্ম হিসেবে চিহ্নিত করছে না।
মিয়ানমারের তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত চীনে এভাবে তিন হাজার তরুণী পাচারের শিকার হয়েছেন।
ইয়াঙ্গুনভিত্তিক মানব পাচারবিরোধী টাস্ক ফোর্সের পুলিশ মেজর ইয়ে উইন অং জানান, পাচারের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই হাজার নারী। ১৮ বছর বয়সী মেয়ে রয়েছেন ৪০০ জন। তাঁদের কাজ পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ কাজের পরিবর্তে চীনা পুরুষদের স্ত্রী হিসেবে তাঁদের বিক্রি করা হয়েছে। এখন পর্যন্ত এ ধরনের ৮০০ ঘটনা ঘটেছে। এএফপি অবলম্বনে